সুজানহীন নববর্ষে একাকী হূতিক

বছর কয়েক আগেও হূতিক রোশন ও তাঁর স্ত্রী সুজান পুরো পরিবারসহ বেশ উত্সাহ নিয়েই নববর্ষ উদযাপন করতেন। শুধু তা-ই নয়, অন্য উপলক্ষগুলোতেও দেখা হতো তাঁদের বন্ধু শাহরুখ খানের সঙ্গে, দুবাই কিংবা লন্ডনে। কিন্তু এ বছরে মুম্বাইয়ে একাকী সময় কাটিয়েছেন হূতিক। এক খবরে এমনটাই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
হূতিকের পাশে বাবা-মা থাকলেও নববর্ষ নিয়ে এ তারকা অভিনেতার নিজের কোনো পরিকল্পনাই ছিল না। একেবারে সাদামাটাভাবেই নতুন বছরের প্রথম দিনটি কাটছে তাঁর। আমির খানসহ অনেক বন্ধুবান্ধব তাঁকে আমন্ত্রণ জানালেও কোনো অনুষ্ঠানে সাড়া দেননি হূতিক।
উল্লেখ্য, সম্প্রতি দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত চূড়ান্ত করেন হূতিক রোশন ও সুজান রোশন। ১৩ ডিসেম্বর বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন হূতিক নিজেই। পরে সুজানও বিষয়টি নিয়ে মুখ খোলেন। এর পরই বলিউডকেন্দ্রিক কয়েকটি সংবাদমাধ্যমে বিচ্ছেদ মীমাংসার জন্য হূতিকের কাছে সুজান ১০০ কোটি রুপি দাবি করেছেন বলে খবর প্রকাশিত হয়। শেষ পর্যন্ত খবরটিকে ভিত্তিহীন ও গুজব বলেই উড়িয়ে দিয়েছেন সুজান।
২০০০ সালের ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় হূতিকের। শুরুতেই পেয়ে যান সফলতা। একই বছরের ডিসেম্বরে সুজানকে ভালোবেসে বিয়ে করেন তিনি। বিয়ের আগে কয়েক বছর চুটিয়ে প্রেম করেছিলেন তাঁরা। বছরের পর বছর ধরে বলিউডের অন্যতম সফল ও সুখী দম্পতি হিসেবে উচ্চারিত হয়েছে তাঁদের নাম।
হূতিক-সুজান দাম্পত্যে কলহের প্রথম খবর আসে ২০১০ সালে। ওই বছর মুক্তি পাওয়া ‘কাইটস’ ছবির সহ-অভিনেত্রী বারবারা মোরির সঙ্গে হূতিকের সখ্যের খবর প্রকাশিত হলে দূরত্ব তৈরি হয় হূতিক ও সুজানের মধ্যে।
ধারণা করা হচ্ছে, হূতিক-বারবারা সখ্যের চূড়ান্ত পরিণতি হিসেবেই বিচ্ছেদের মতো কঠিন পথ বেছে নিয়েছেন সুজান।