সুজানার প্রত্যাবর্তন
২০০৩ সালের কথা। টেলিভিশন খুললেই ‘যদি বন্ধু হও, তাহলে হাতটা বাড়াও’ আহ্বান নিয়ে একটা সুন্দর মুখ পর্দায় ভেসে উঠত প্রতিদিনই। সানক্রেস্টের এই বিজ্ঞাপন সেই সময় সাড়া ফেলেছিল। সুন্দর মুখের এই অধিকারিণীর কথা কি মনে আছে সবার? হ্যাঁ, সুজানার কথা বলছি। সেই সময় একাধিক বিজ্ঞাপনের মডেল হিসেবে আলোচিত সুজানা একসময় এসে টেলিভিশন নাটকেও নাম লেখান।২০০৩ থেকে ২০১২ সাল। এই দীর্ঘ সময়ের পথ মসৃণ ছিল না তাঁর। প্রতিনিয়ত পর্দায় ভেসে ওঠা, পর্দা থেকে হারিয়ে যাওয়া, আবার ফেরা, না-ফেরার নানান কারণের গল্প তাঁর জীবনকে সাজিয়েছে নানাভাবে। সেই অজানা গল্প নিয়েই আজ কথা হবে তাঁর সঙ্গে।পুরো দুপুর ধানমন্ডির ৩২ নম্বর এলাকাতেই কাটবে। আগে থেকেই সুজানা জানিয়েছেন। সময় ধরেই কারওয়ান বাজার অফিস থেকে ৩২ নম্বরের উদ্দেশে যাত্রা। পথে চিরচেনা জ্যাম। এখানে ঘড়ির কাঁটা থেকে ২০ মিনিট উধাও হয়ে গেল। স্টুডিওতে পৌঁছে দেখা গেল, সেশনের কাজ তখনো শেষ হয়নি। বিদ্যুৎ নেই। জেনারেটরের বিকট শব্দে চারপাশ মাথায় করে রাখছে। আরও ২০ মিনিট লাগল কাজ শেষ হতে। এসেই বিনয়ী সুরে বললেন, ‘সরি, আপনাকে বসিয়ে রাখলাম।’কথা না বাড়িয়ে আমরা কাজে ফিরে যাই। প্রত্যাবর্তনদীর্ঘদিন পর্দার বাইরে ছিলেন সুজানা। এর মধ্যে কোনো নাটক বা বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেননি তিনি। তবে বিরতি শেষ করে সম্প্রতি আবারও কাজে ফিরেছেন। গল্পের শুরুতেই তাঁকে প্রশ্ন করি, কেন এই বিরতি? সুজানার উত্তর, ‘আমার বাবা খুবই অসুস্থ ছিলেন। প্রতি মাসে প্রায় ১০ দিন করে হাসপাতালে থাকতে হয়েছে। বাবার এ অবস্থা রেখে কোনোভাবেই আমি কাজ করতে চাইনি। অবস্থা ভালো না হলেও এখন একটু সুস্থ।’এর মধ্যে ফিরেই সুজানা আবারও নাটক-বিজ্ঞাপন সমান তালেই শুরু করেছেন। কী কাজ নিয়ে এখন তাঁর ব্যস্ততা? ‘এর মধ্যে ক্ষোভ, ওদের সাথে, চৌধুরী ভিলা নামে তিনটি ধারাবাহিক নিয়ে কাজ করছি। শেষ করলাম আশিয়ান সিটি, থাই নুডুলস ও মেসওয়াক টুথপেস্টের বিজ্ঞাপন। আরও বেশ কয়েকটি কাজ হাতে আছে। এগুলো প্রচারিত হবে শিগগিরই।’ বললেন সুজানা।স্বপ্ন হলো সত্যি!ছোটবেলা থেকেই বিজ্ঞাপন দেখার পোকা ছিলেন সুজানা। বিশেষ করে সাদিয়া ইসলাম মৌয়ের বিজ্ঞাপন তাঁকে খুব কাছে টানত। মনে মনে ভাবতেন এমন করে যদি নিজেই একদিন মডেল হয়ে যান! স্বপ্নে বিভোর হয়ে যেতেন তিনি। কিন্তু সেই স্বপ্ন আর স্বপ্ন রইল না। একদিন ঠিকই এসে ধরা দিল। কীভাবে? জলদি প্রশ্ন করি তাঁকে। সুজানাও ঝটপট বলা শুরু করলেন। ‘আমার আগ্রহ দেখে আমার বড় বোন উৎসহ দিলেন।’ একদিন বললেন, ‘একটা কাজ কর, চঞ্চল মাহমুদের কাছে ফটোসেশন করে যেকোনো একটা বিজ্ঞাপন ফার্মে জমা দে, কাজ হয়েও যেতে পারে।’ কথামতোই কাজ সুজানার। মডেল ফটোগ্রাফিতে চঞ্চল মাহমুদের বেশ হাঁকডাক। ছবি তোলা হলো। আফজাল হোসেনের বিজ্ঞাপনী সংস্থা মাত্রা-তে ছবি জমা দেওয়া হলো। এক সপ্তাহের মাথায় ডাক! সুজানা বললেন, ‘আমি তো অবাক। তাও আবার আফজাল ভাইয়ের সঙ্গে কাজ। সানক্রেস্টের একটা বিজ্ঞাপন করলাম। কয়েক দিনের মাথায় একই পণ্যের আরেকটি বিজ্ঞাপন করলাম। এই বিজ্ঞাপনটি করার পর তো রীতিমতো আমি তারকা হয়ে গেলাম।’সুন্দরী থেকে সুন্দরীতমা!কোমলপানীয়র এই বিজ্ঞাপন প্রচারের পর আর ফিরে তাকাতে হয়নি সুজানার। একের পর এক বিজ্ঞাপনের প্রস্তাব আসতে থাকে। নামীদামি কোম্পানির মডেল হিসেবে কাজ শুরু হলো। ঠিক এক বছরের মাথায় ২০০৩ সালে তাঁর ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ হলো। ‘মডেল হিসেবে যখন আমার চারপাশে পরিচিতি ঘটেছে, তখন পরিবারের উৎসহে লাক্স-আনন্দধারা সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিই। সেখানেও আমার সাফল্য আসে। সেরা দশের চতুর্থ স্থানটি আমার দখলে আসে।’লাক্স-আনন্দধারা সুন্দরী হওয়ার সুবাদে সুজানার মডেলিংয়ের জগৎ আরও আলোকিত হয়ে ওঠে।চাই না মেয়ে তুমি অন্য কারোর হও!সম্প্রতি সংগীতশিল্পী হূদয় খানের সঙ্গে সুজানার প্রেমের সম্পর্ক মিশিয়ে গরম খবর ভেসে বেড়াচ্ছে ঢাকার মিডিয়ায়। হূদয় যেন তাঁর গানের কথায়ই বলে যান, চাই না মেয়ে তুমি অন্য কারো হও! তাহলে আসল ঘটনাটা কী? জানতে প্রশ্ন করি সুজানাকে। তিনি বললেন, ‘হূদয় আমার খুবই ভালোবাসা এবং ভালোলাগার বন্ধু। সে আমাকে খুবই শ্রদ্ধা করে, মান্য করে। আমার কথার অবাধ্য হয় না। সে খুবই ভালো মনের ছেলে।’