সুজানার প্রত্যাবর্তন
বছর খানেক বিরতির পর আবারও কাজে ফিরছেন মডেল ও অভিনয়শিল্পী সুজানা।নতুন একটি বিজ্ঞাপনচিত্রের কাজ এবং একটি টেলিছবিতে অভিনয়ের মাধ্যমে প্রত্যাবর্তন ঘটছে সুজানার, বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।সম্প্রতি কলকাতায় প্রসাধনসামগ্রীর একটি বিজ্ঞাপনচিত্রের কাজ করে দেশে ফিরেছেন তিনি। সুজানা অভিনীত নতুন এ বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করেছেন সৌনক মিত্র।এ প্রসঙ্গে সুজানা বলেন, ‘প্রসাধনসামগ্রীর বিজ্ঞাপনচিত্রে কাজ করতে ৬ মার্চ কলকাতা যাই। কাজ শেষে দেশে ফিরেছি ১২ মার্চ। এর আগেও আমি একই প্রতিষ্ঠানের আরও কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছি। আগেরগুলোর মতো নতুন বিজ্ঞাপনচিত্রটিও সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’এদিকে ইসরাফিল বাবুর রচনা ও মজিবুল হক খোকনের পরিচালনায় ‘মজার মানুষ’ নামে একটি টেলিছবিতেও অভিনয় করেছেন সুজানা। কথা চলছে মোহন খানের নতুন একটি ধারাবাহিকে অভিনয়ের ব্যাপারেও। সুজানা বলেন, ‘ভালো গল্প ছাড়া নাটকে অভিনয় করা একেবারেই হয় না। মাঝে বাবার অসুস্থতা আর ব্যক্তিগত ব্যস্ততার কারণে বছর খানেক ঠিকমতো কোনো কাজই করতে পারিনি। এখন আবার নতুন করে কাজ শুরুর পরিকল্পনা করেছি।’সুজানা সর্বশেষ তাহের শিপনের ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন।