সুজানের অতিথি সালমান-শাহরুখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান-সুজান-শাহরুখ
সালমান-সুজান-শাহরুখ

মাত্র দিন কয়েক আগে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন হূতিক রোশন ও সুজান রোশন। ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নেওয়ার পর স্বভাবতই জীবনের কঠিনতম সময় পার করছেন সুজান। তবে মোটেও ভেঙে পড়েননি তিনি। সম্প্রতি ঘটা করে নিজের নতুন বুটিক হাউস উদ্বোধন করেছেন সুজান। উদ্বোধনী অনুষ্ঠানটি রীতিমতো তারার মেলায় পরিণত হয়। সুজানের আমন্ত্রণে সাড়া দিয়ে সেখানে অতিথি হয়েছিলেন সালমান খান, শাহরুখ খান থেকে শুরু করে বলিউডের বেশ কয়েকজন রথী-মহারথী।
অনুষ্ঠানে সহজ, স্বাভাবিক ও শান্তই মনে হয়েছে সুজানকে। তাঁর চোখে-মুখে বিষাদের কোনো চিহ্ন ছিল না; বরং অনেক বেশি আত্মপ্রত্যয়ী মনে হয়েছে তাঁকে। অনুষ্ঠানের একপর্যায়ে সুজান বলেন, ‘সঞ্জয় খানের মেয়ে কিংবা হূতিক রোশনের স্ত্রী এই পরিচয়ে পরিচিত হতে চাই না আমি। আমার নিজস্ব একটি সত্তা আছে। আমি পেশায় একজন ডিজাইনার। আমি এ কাজটি অনেক উপভোগ করি। আমার জন্য কাজ খুবই গুরুত্বপূর্ণ। কাজ দিয়েই স্বকীয় পরিচয়ে পরিচিত হতে চাই আমি।’
বিচ্ছেদ নিয়ে কথা বলতে গিয়ে সুজান আরও বলেন, ‘আমি এখনো ভালোবাসায় বিশ্বাস করি। কোনো কিছু নিয়েই আমি লজ্জিত নই। কারণ আমি কোনো ভুল করিনি। এখন থেকে কেবল আমার চলার পথে এগিয়ে যেতে চাই আমি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

অনুষ্ঠানে সালমান, শাহরুখ ছাড়া আরও হাজির হয়েছিলেন করণ জোহর, আরবাজ খান, মালাইকা অরোরা খান, অমৃতা অরোরা, মধু, সুনীল শেঠি, মানা শেঠি, শিল্পা শেঠি, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডি সুজা, সামিরা রেড্ডি, তুষার কাপুর, অর্জুন কাপুর, শ্রীদেবী, সোনালী বেন্দ্রেসহ আরও অনেকে।

শাহরুখের সঙ্গে তাঁর স্ত্রী গৌরীও ছিলেন। আর সালমানের সঙ্গে ছিলেন তাঁর বোন অর্পিতা খান, আলভিরা ও ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রী।

অনুষ্ঠানের অন্যতম চমক ছিল অর্জুন রামপাল ও তাঁর স্ত্রী মেহেরের উপস্থিতি। হূতিক-সুজানের বিচ্ছেদে অর্জুনের সম্পৃক্ততার গুজব বন্ধ করতেই সম্ভবত তাঁরা সেখানে গিয়েছিলেন। অর্জুনকে নিয়েও কথা বলেছেন সুজান। তাঁর মতে, ‘আমি ও হূতিক মিলে বিচ্ছেদের সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। এটা পুরোপুরি আমাদের দুজনের সিদ্ধান্ত। আমার বিচ্ছেদের জন্য অন্য কাউকে দায়ী করলে সেটা ভুল হবে।’  

চার বছর চুটিয়ে প্রেম করার পর ২০০০ সালের ২০ ডিসেম্বর গাঁটছড়া বেঁধেছিলেন হূতিক রোশন ও সুজান রোশন। বেশ কিছুদিন ধরেই হূতিক-সুজান বিচ্ছেদের গুঞ্জন চলছিল। শুরুতে অস্বীকার করলেও চলতি মাসের ১৩ তারিখে বিচ্ছেদের খবর নিশ্চিত করেন হূতিক। পরে সুজানও বিষয়টি নিয়ে মুখ খোলেন। রোশন পরিবারের কাছের একটি সূত্র জানিয়েছে, সুজান চার মাস ধরে রোশন পরিবার থেকে দূরে আছেন। নিজের বুটিক হাউসের কাছেই মুম্বাইয়ের ভারসোভা এলাকায় দুই ছেলে রিহান ও রিদানকে নিয়ে আলাদা বাসায় থাকছেন সুজান।

এদিকে হূতিক ও সুজানের বিচ্ছেদের পেছনে বলিউডের অভিনেতা অর্জুন রামপালের হাত রয়েছে বলে খবর চাউর হয়েছে। অবশ্য বিষয়টিকে অস্বীকার করেছেন অর্জুন। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘হূতিক ও সুজান দুজনই আমার খুব কাছের বন্ধু। কাছের কেউ যখন বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নেয়, তখন এমনিতেই মনটা অনেক খারাপ হয়ে যায়। এই মুহূর্তে জীবনের কঠিনতম সময় পার করছে হূতিক ও সুজান। এ অবস্থায় অযথা ভিত্তিহীন গুজব ছড়ানোর কোনো মানে হয় না। তাঁদের বিচ্ছেদে আমার সম্পৃক্ততা নিয়ে আজেবাজে কেচ্ছা-কাহিনি রটানো হচ্ছে। এটা আমাকে খুবই মর্মাহত করেছে। হূতিক-সুজানের এই কঠিন সময়ে আমি ও আমার স্ত্রী মেহের সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই। বরাবরের মতো এখনো আমরা তাঁদের পরিবারের সদস্যদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।’

বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানালেও, এর পেছনের কারণ সম্পর্কে হূতিক কিংবা সুজান কেউই স্পষ্ট করে কিছু বলেননি। বিচ্ছেদের কারণ হিসেবে সুজানের ভাষ্য, ‘অনেক সময় কোনো কারণ ছাড়াই অনেক কিছু ঘটে যায়। পরিস্থিতিই মানুষকে বাধ্য করে অপ্রত্যাশিত কোনো সিদ্ধান্ত নিতে। বিচ্ছেদের কারণ নিয়ে আমি স্পষ্ট করে কিছু বলতে চাই না। কারণ আমি নিজেও একজন মা ও মেয়ে।’

হূতিক-সুজানের বিচ্ছেদ নিয়ে সুজানের বাবা প্রখ্যাত অভিনেতা সঞ্জয় খানের মন্তব্য, ‘আর দশজন সাধারণ দম্পতির মতো হূতিক-সুজানেরও ব্যক্তিগত কিছু সমস্যা ছিল। হূতিক সুপারস্টার বলে তার কোনো ব্যক্তিগত সমস্যা থাকবে না, তা তো নয়। তারা দুজনই বুদ্ধিমান এবং চমত্কার ব্যক্তিত্বের অধিকারী। তাদের বিচার-বিবেচনায় যা ঠিক মনে হয়েছে, সেটাই তারা করেছে।’