সুতপার ঠিকানার পর ঢাকা ট্রিলজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ঢাকা ড্রিম’ ছবির অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ফজলুর রহমান বাবু
‘ঢাকা ড্রিম’ ছবির অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ফজলুর রহমান বাবু

‘সুতপার ঠিকানা’ ছবির পর এবার ‘ঢাকা ট্রিলজি’ নিয়ে দর্শকের সামনে আসছেন নির্মাতা প্রসূন রহমান। ‘ঢাকা ট্রিলজি’র প্রথম পর্বের গল্প হিসেবে নির্মাতা বেছে নিয়েছেন প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় আসা মানুষের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্পকে। নাম দিয়েছেন ‘ঢাকা ড্রিম’।
একটি জেলা শহর থেকে জীবিকার প্রয়োজনে এবং নানামুখী স্বপ্নপূরণে ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমানো কিছু মানুষের গল্পই হচ্ছে ‘ঢাকা ড্রিম’। প্রথম আলোর সঙ্গে আলাপে এমনটাই জানিয়েছেন নির্মাতা প্রসূন রহমান।
প্রসূন জানিয়েছেন, এ মুহূর্তে ঢাকা ড্রিমের প্রি-প্রডাকশনের কাজ চলছে। আগামী ডিসেম্বরে শুটিং শুরু হবে।
‘ঢাকা ড্রিম’ ছবিতে আয়নাল ফকির নামের একজন রহস্যময় অন্ধ ভিক্ষুকের চরিত্রে অভিনয় করবেন ফজলুর রহমান বাবু। এ ছাড়া জীবিকার সন্ধানে ঢাকায় আসতে বাধ্য হওয়া আরও কয়েকজন প্রান্তিক মানুষের চরিত্রে থাকবেন নওশাবা, শাহাদাত, ইকবাল, সজীব, মুনিরা মিঠুসহ বেশ কিছু পরিচিত মুখ।
‘ঢাকা ড্রিম’ ছবির সংগীত পরিচালনা করছেন কুমার বিশ্বজিৎ। তিনি এর আগে একই নির্মাতার প্রথম ছবি ‘সুতপার ঠিকানা’রও সংগীত পরিচালনা করেন। সম্প্রতি কুমার বিশ্বজিতের উত্তরার স্টুডিওতে বারী সিদ্দিকীর কণ্ঠে একটি গানের দৃশ্যধারণের মাধ্যমে শুরু হয়েছে এ ছবির আনুষ্ঠানিক কাজ। ‘একদিন আমারও ছিল ঘর ...’ শিরোনামের গানটিতে নদী ভাঙনে গৃহহারা একটি পরিবারের হাহাকার ফুটে উঠছে।
‘ঢাকা ড্রিম’ নির্মিত হচ্ছে প্রসূন রহমানের নিজস্ব প্রযোজনা সংস্থা ইমেশন ক্রিয়েটর এর ব্যানারে।
এদিকে, কথা প্রসঙ্গে বিশ্ব চলচ্চিত্র ও দেশের চলচ্চিত্রের বাস্তবতা প্রসঙ্গে প্রসূন রহমান বলেন, ‘শুধুমাত্র গল্প ও বক্তব্যের শক্তি দিয়েই ইরানি চলচ্চিত্র বিশ্ব মানচিত্রে জায়গা করে নিয়েছে। আমাদেরও সেভাবে চেষ্টা করতে হবে। বাজার ধরতে হবে। রপ্তানি শিখতে হবে। সব ইন্ডাস্ট্রিরই কিছু সংকট থাকে, কিছু সমাধান হয়, আবারও নতুন সংকট তৈরি হয়; এটি চলমান প্রক্রিয়া। আমাদের সমস্যা অনেক, সে অনুযায়ী সমাধানের চেষ্টা এবং উদ্যোগ খুব কম। এই বাস্তবতাকে মেনেই আমাদের এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার স্বপ্নটাকে এগিয়ে নিতে হবে।’