সুতরাং সুভাষ দত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এমন মজা হয় না, গায়ে সোনার গয়না, বুবুমণির বিয়ে হবে বাজবে কত বাজনা।’ গানটি শুনলেই মনে পড়ে যায় ষাটের দশকের আলোচিত ও দর্শকপ্রিয় বাংলা চলচ্চিত্র সুতরাং-এর কথা। ছবিটি নির্মাণ করেছিলেন সুভাষ দত্ত। কর্মজীবনের শুরুর দিকে সিনেমার পোস্টার আঁকা, তারপর বাংলা চলচ্চিত্রে অভিনয় এবং সবশেষে চলচ্চিত্র নির্মাণ—প্রতিটি ক্ষেত্রেই ছিল তাঁর সৃজনশীল কর্মের ঈর্ষণীয় সাফল্য। জন্মগ্রহণ করেন দিনাজপুরে মামার বাড়িতে ১৯৩০ সালের ৯ ফেব্রুয়ারি। বার্ধক্যে উপনীত সুভাষ দত্তের কর্মোদ্দীপনায় আজ শুধুই স্থবিরতা, নেই আগের মতো প্রাণবন্ত বাক্যবিনিময়ের উচ্ছলতা। কথা বললাম তাঁর বড় ছেলে শিবাজীর সঙ্গে।বাবার প্রতিদিনের জীবনযাপন সম্পর্কে জানালেন তিনি। সারা দিনে খুব কম কথা বলেন সুভাষ দত্ত। বই পড়ে, টিভি দেখে কেটে যায় তাঁর সময়। মাঝেমধ্যে টিভিতে নিজের নির্মিত সিনেমা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। আজকাল পত্র-পত্রিকার সঙ্গে সেভাবে কথাও বলতে চান না তিনি।চলচ্চিত্র ছাড়াও সুভাষ দত্ত অভিনয় করেছেন মঞ্চে। ১৯৭২ সালে আরণ্যক নাট্যদলের প্রথম প্রযোজনা কবর নাটকে তাঁর মঞ্চাভিনয়। চলচ্চিত্রে তিনি কৌতুকাভিনেতা হিসেবে অভিনয় করে বেশ প্রশংসা অর্জন করেছিলেন।জানতে চাইলাম ছবি আঁকা ও অভিনয় ছেড়ে চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হওয়ার পেছনের গল্প।সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সিনেমা দেখেই তাঁর চলচ্চিত্র নির্মাণের অনুপ্রেরণা। নির্মাণ করেন নিজের প্রথম ছবি সুতরাং। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৬৪ সালে। তারপর একে একে নির্মাণ করেন আবির্ভাব, নৌকা, পালাবদল, আলিঙ্গন, আয়না ও অবশিষ্ট, বিনিময়, আকাঙ্ক্ষা, বসুন্ধরা, ডুমুরের ফুল, সকাল সন্ধ্যা ও ফুলশয্যাসহ আরও অনেক দর্শকনন্দিত ছবি। নির্মাণের পাশাপাশি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান শতাব্দী ফিল্ম থেকে প্রযোজনা করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্র। সুতরাং ছবির মধ্য দিয়ে সুভাষ দত্তের চলচ্চিত্র নির্মাণের যাত্রা শুরু হয়েছিল। শিল্পী, অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্ত পারিবারিক জীবনে একদম ভিন্ন রকম একজন মানুষ। পারিবারিক কড়া শাসনে মানুষ করেছেন দুই ছেলে ও দুই মেয়েকে। ‘বাসার কলবেল বেজে উঠলেই ভয়ে জমে যেতাম আমরা, এই বুঝি বাবা এল’—বললেন শিবাজী। তবে মাঝেমধ্যে পরিবারের সবাইকে নিয়ে ভারতীয় বাংলা ছবি দেখতেন। ছবির মজাদার অনেক বিষয় সবার সঙ্গে উপভোগ করতেন।নির্মাণ করতে চেয়েছিলেন বেগম রোকেয়া ছবিটি। নির্মাণের সব কাজ প্রায় এগিয়ে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন এখনো স্বপ্নই রয়ে গেছে সুভাষ দত্তের।এবার ‘সুতরাং’ শিরোনামে তাঁর জীবনের বিভিন্ন সময়ের কর্মের আলোকচিত্র নিয়ে আলোকচিত্রী সালমা আহমেদ আয়োজন করেছেন সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। ২০ নভেম্বর দৃক গ্যালারিতে এই প্রদর্শনীর উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বাবার জীবদ্দশায় তাঁর কর্মজীবনের ওপর আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন হচ্ছে জেনে খুশি তাঁর সন্তানেরা।