সুদীপ গেলেন লন্ডনে
বিশ্ব সাহিত্যকেন্দ্র যুক্তরাজ্যের আমন্ত্রণে পূর্ব লন্ডনের ব্রিটিশ-বাংলাদেশি নাট্যকর্মী ও নাট্যদলগুলোর সঙ্গে দুই সপ্তাহব্যাপী কর্মশালা পরিচালনা করতে লন্ডন গেলেন সুদীপ চক্রবর্তী। এ উদ্যোগ সম্পর্কে বিশ্ব সাহিত্যকেন্দ্র যুক্তরাজ্য শাখার সভাপতি কবি শামীম আজাদ বলেন, ‘বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য যুক্তরাজ্য তথা বহির্বিশ্বের বৃহত্তর পরিসরে উপস্থাপনের লক্ষ্য নিয়ে আমরা নিয়মিত বিভিন্ন আয়োজন করে থাকি। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের ঐতিহ্যবাহী রীতিতে পাশ্চাত্যের নাটক উপস্থাপনের উদ্দেশ্যে লন্ডনের স্থানীয় নাট্যকর্মীদের নিয়ে কর্মশালা ও চিন্তা বিনিময়ের জন্য সুদীপ চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো হয়েছে। ২০১৪ সালে বৃহত্তর পরিসরে লন্ডনের মূলধারার নাট্যমঞ্চে সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় উইলিয়াম শেক্সপিয়ারের একটি নাটক মঞ্চায়নের পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি। এ উদ্যোগ বাস্তবায়নে উদীচী লন্ডন শাখা, সত্যেন সেন পারফর্মিং আর্টস গ্রুপসহ স্থানীয় নাট্যদলগুলো আমাদের সহযোগিতা করছে।’
এ ছাড়া ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের সহযোগিতায় সুদীপ যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের আয়োজনে ২ নভেম্বর থেকে অনুষ্ঠেয় ‘সিজন অব বাংলা ড্রামা’ উৎসবে যোগ দেবেন।