সুদূরের পিয়াসী চঞ্চল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়ের জীবনটা তাঁর ১৫ বছরের। চারুকলায় পড়াশোনার সময় ইচ্ছে ছিল গানবাজনা করবেন, আর জীবনের তাগিদে চাকরিবাকরি।চাকরি একটা হয়েও গেল তাঁর। যে জায়গায় চাকরি শুরু করলেন, সেখানে গানের অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি।চঞ্চল কিন্তু কোথাও গান শেখেননি। একটু পেছনের দিকে ফিরে যাই। গ্রামের বাড়িতে বিদ্যুৎ নেই। এক বাড়িতে একটা ক্যাসেটপ্লেয়ার এল। ব্যাটারিচালিত সেই ক্যাসেটপ্লেয়ারে আর রেডিওতে গান শুনে শুনেই তিনি কিছু গান মুখস্থ করলেন। সুর হোক বা না হোক নিজের মনের আনন্দে গান করেন। সেটুকুই পুঁজি তাঁর।একদিন এক বন্ধু তাঁকে আরণ্যক নাট্যদলের একটি ফরম এনে দিলেন। সেই ফরম পূরণ করে তিনি দলের সদস্য হলেন। তারপর শুধুই এগিয়ে চলা। ক্ষণিকের চঞ্চলতা নয়, তিনি সূদুরের পিয়াসী হতেই চেয়েছেন।পুরো ব্যাপারটিই যেন রূপকথার গল্পের মতো। যে ছেলে গ্রামের বাড়ির স্কুলের মাঠে যাত্রা দেখে অভিনয় সম্পর্কে জ্ঞান আহরণ করেছিলেন, তিনি আরণ্যকের মতো নাট্যদলের সেট ডিজাইনের কাজ পেলেন। তারপর একদিনসংক্রান্তি নাটকে অভিনয়ের সুযোগ।মোস্তফা সরয়ার ফারুকী একটি মুঠোফোনের বিজ্ঞাপনচিত্র নিয়ে কাজ করবেন। চঞ্চলের সঙ্গে কথা হলো এবং কাজটা করলেন তিনি। অনেকটা ধূমকেতুর মতোই যেন বিনোদনের ভুবনে চঞ্চল দেখা দিলেন। চঞ্চলের মধ্যে রয়েছে অভিনয় প্রতিভা। যার জ্বলজ্বলে উদাহরণ মনপুরার সোনাই চরিত্র। পরিচালকের মুনশিয়ানায় চঞ্চল জাদুকরের মতোই নিজেকে সোনাই করে উপস্থাপন করেছেন। এই কদিন আগেই প্রায় ২০ দিনের মতো কাটিয়ে এলেন আমেরিকায়। যেখানেই বাংলাদেশিরা তাঁকে দেখেছেন, ডেকেছেন সোনাই বলে।‘১৫ বছরের অভিনয়জীবনের অন্যতম বড় প্রাপ্তি বলে মনে করি সোনাই হতে পারাটাকে। মুঠোফোনের মায়ের কাছে যাব বলে যে কাজটি করেছি, সেটিও অন্যতম একটি প্রাপ্তি। আর সেরা প্রাপ্তি হলো, মেঠোপথ দিয়ে যে ছেলেটি একদিন গাঁও-গেরামের বাতাস নিয়ে মনের আনন্দে গান গাইত কিংবা রাত জেগে যাত্রা দেখত, সে কিনা এখন মাসের ২৫ থেকে ২৮ দিন শুটিং করে! মানুষ তাকে চেনে। এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে? ’ বলছিলেন চঞ্চল।গত কয়েকটি ঈদের দিকে তাকালে দেখা যাবে এক একটি চ্যানেলে চঞ্চল অভিনীত ছয় থেকে সাতটি নাটক প্রচারিত হয়েছে। কিন্তু এবারই ব্যতিক্রম। খুব বেশি হলে সব চ্যানেল মিলিয়ে চঞ্চল অভিনীত পাঁচটি নাটক প্রচারিত হবে। কারণ কী?‘প্রতিদিনই কাজের অফার পাই। কিন্তু আমি একই ধরনের চরিত্রে বারবার কাজ করতে চাই না। চাই বৈচিত্র্যময় চরিত্র। তাই পাণ্ডুলিপি পছন্দ না হলে ফিরিয়ে দিই। আসলে ভালো মানের নাটক করতে হলে যে সময় ও বাজেট দরকার, তা দিনে দিনে সংকুচিত হয়ে আসছে। তার ছাপ পড়ছে নাটকের গুণগত মানে। এ জন্য এবারের ঈদের আগে আমি আমেরিকায় ঘুুরতে গেলাম শুধু একঘেয়েমি দূর করতে। দেশে ফিরে আসার পরও টানা ১৫ দিন আমি কোনো কাজ করিনি। তারপর বেছে বেছে দু-তিনটি কাজ হাতে নিলাম। এর মধ্যে আছে গিয়াস উদ্দিন সেলিম, এজাজ মুন্না আর সাইফ চন্দনের নাটক। ঈদে বিটিভির নিজস্ব প্রযোজনায় বৃন্দাবন দাসের লেখা একটি নাটকে কাজ করব। এই কটি কাজ যদি ভালো হয়, তাতেই আমি সন্তুষ্ট। আর ধারাবাহিক নাটকের ব্যাপারেও আমি কিছু সিদ্ধান্ত নিয়েছি। এখন অলসপুর, লঙ্কাকাণ্ড, হাড়কিপ্টে চলছে। বৃন্দাবন দার একটি নাটকের প্রচার শুরু হয়েছে। এগুলোর কাজ করার পাশাপাশি রিয়েলিটি শো নামে একটির কাজ শেষ করলাম। এটি নির্মাণ করেছেন ইফতেখার ফাহমি। অতি মিষ্টি আসলে খাবারের স্বাদ নষ্ট করে। টিভির পর্দায় অতি উপস্থিতিও শিল্পীর ইমেজ নষ্ট করে। এটা মনে রাখার চেষ্টা করছি।’চঞ্চল চৌধুরী তাঁর ১৫ বছরের ক্যারিয়ারে পাঁচটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সামনে আসছে টেলিভিশন । ‘আমি সোনাই চরিত্রটিকে ছাপিয়ে ওঠার চেষ্টা করছি। জানি কাজটা খুবই কঠিন। এই কঠিন শব্দটিকে ভালোবেসেই আমি টেলিভিশন সিনেমায় কাজ করেছি। আমার বিশ্বাস, টেলিভিশন আমার প্রত্যাশা পূরণ করবে।’ বললেন তিনি।এ তো গেল চঞ্চলের অভিনয়জীবনের কথা। এবার আসি পারিবারিক জীবনের কথায়। স্ত্রী ডা. শান্তা আর তিন বছরের ছেলে শুদ্ধকে নিয়ে সংসার চঞ্চলের। অভিনয়জীবনের কারণে চঞ্চল অনেক সময়ই সামাজিক বা পারিবারিক দায়িত্ব পালন করতে পারেন না। সেদিকটা সামাল দেন শান্তা। যেকোনো দর্শকের মতোই চঞ্চলের কাজ ভালো লাগলে প্রশংসা করেন, খারাপ লাগলে সেটাও বলে ফেলেন। আর হ্যাঁ, ছেলে শুদ্ধ চঞ্চলকে একটি অন্য পৃথিবীর সন্ধান দেয়। যতই বয়স বাড়ছে ছেলেটার, ততই সে দখল করে নিচ্ছে চঞ্চলকে। বাবাকে নানা কাজে অনুকরণ করে ছেলে। খুব চায় বাবা তার সঙ্গে থাকুক। অভিমানও করে। অনুভব-জগতের একটা বড় জায়গাই এখন দখল করে নিয়েছে শুদ্ধ। মাসে দু-একদিন শুটিংয়ে বিরতি দিয়ে স্ত্রী-সন্তানের সঙ্গে সময় কাটানোতে যে তৃপ্তি আছে, সেটা পুরোপুরিই উপভোগ করেন চঞ্চল।