সুনামগঞ্জে 'বিপ্লবী বরুণ রায়' প্রদর্শিত
সুনামগঞ্জের সর্বজনশ্রদ্ধেয় রাজনীতিবিদ ও সাবেক সাংসদ বরুণ রায়ের জীবন ও রাজনীতি নিয়ে নির্মিত বিপ্লবী বরুণ রায় প্রামাণ্য চলচ্চিত্রটি গত মঙ্গলবার সন্ধ্যায় প্রদর্শিত হয়েছে। বরুণ রায়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় সুনামগঞ্জ শহরের শিল্পকলা একাডেিম মিলনায়তনে এটি প্রদর্শিত হয়।
প্রামাণ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সারোয়ার তমিজউদ্দিন। নির্মাতা জানান, গবেষণাধর্মী এই চলচ্চিত্রটি নির্মাণ করতে সাত বছর সময় লেগেছে। বরুণ রায় জন্মগ্রহণ করেন ১৯২২ সালে, পরলোকগমন করেন ২০০৯ সালের ৮ ডিসেম্বর। পাকিস্তান আমলের পুরোটা সময় বরুণ রায়ের কেটেছে জেলখানা ও আত্মগোপনে। ভাষা আন্দোলন, যুক্তফ্রন্টের নির্বাচনে বিজয় ও আইয়ুব খানের সামরিক শাসনের সময় প্রায় ১৭ বছর জেল খেটেছেন তিনি।
সারোয়ার তমিজউদ্দিন বলেন, চলচ্চিত্রটির বড় অংশজুড়ে রয়েছে ভাটি অঞ্চলের মুক্তিযুদ্ধ, মানুষের বীরত্ব ও অসাম্প্রদায়িক চেতনার কথা।