সুনামগঞ্জে ‘শাহ্ আবদুল করিম লোক উত্সব’
বাউলসম্রাট শাহ্ আবদুল করিমের জন্মবার্ষিকী উপলক্ষে আজ সুনামগঞ্জের ধলগ্রামে শুরু হচ্ছে ‘শাহ্ আবদুল করিম লোক উত্সব’। দুই দিনের এই উত্সবের এবারের স্লোগান ‘আর কিছু চায় না মনে গান ছাড়া...’।১৫ ফেব্রুয়ারি ছিল শাহ্ আবদুল করিমের ৯৫তম জন্মদিন। এই দিনকে ঘিরে তাঁর ভক্তরা আয়োজন করে লোক উত্সবের। বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হয়েছে এবারের উত্সব। তাঁর বাড়ির কাছে ধল ময়দানে বেলা ১১টায় উত্সব উদ্বোধন করা হবে। শাহ্ আবদুল করিমের ছেলে শাহ্ নূর জালাল জানান, এই অনুষ্ঠানে সুনামগঞ্জের জেলা প্রশাসকসহ ঢাকার কয়েকজন সংগীতশিল্পী উপস্থিত থাকবেন। তিনি বলেন, ‘বাবা নেই। কিন্তু বাবা তাঁর গানের মাঝে বেঁচে আছেন। তাই তো অন্য চার বছরের তুলনায় এবার মানুষের মধ্যে আগ্রহ বেশি দেখছি।’ আজকের উদ্বোধনী অনুষ্ঠানের পর বাউলগানের আসর শুরু হবে দুপুর একটায়। চলবে টানা ভোররাত পর্যন্ত। কাল শনিবার বেলা সাড়ে ১২টায় থাকবে আলোচনা। এরপর শুরু হবে বাউলগান। বাউলগানের আসরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিল্পীরা অংশ নেবেন। সঙ্গে আরও থাকবেন শাহ্ আবদুল করিম সংগীতালয়ের শিক্ষার্থীরা।গণসংগীত, মালজোড়া, বিচ্ছেদ, ধামাইল, বাউলসহ বিভিন্ন রকমের পাঁচ শতাধিক গান লেখা ও সুর করেছেন শাহ্ আবদুল করিম। ২০০১ সালে তাঁকে একুশে পদক দেওয়া হয়। গত বছরের ১২ সেপ্টেম্বর সকালে সিলেটের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।