সুনীল শেঠির মানবিকতা

চেহারা আর অভিনয়ের কল্যাণে বলিউডের অভিনেতা সুনীল শেঠিকে অনেকেই নিষ্ঠুর আর নির্দয় মনে করতে পারেন। কিন্তু এই আপাতকঠিন চেহারার মানুষটির মন যে কতটা মানবিক, সম্প্রতি তার প্রমাণ মিলেছে। সুনীলের বাড়ির নিরাপত্তাকর্মীর ছোট্ট মেয়েটির ব্যয়বহুল চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বলিউডের এ মাচো অভিনেতা।
সুনীল শেঠির বাড়িতে সদ্য নিয়োগ পাওয়া নেপালি নিরাপত্তাকর্মী কৃষ্ণার মেয়ে লীলার বয়স মাত্র ১২ বছর। মস্তিষ্কে সমস্যা দেখা দিলে পশ্চিম নেপালের বাড়াই গ্রাম থেকে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয় লীলাকে। ১২ অক্টোবর স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করা হয় তাকে। প্রয়োজনীয় স্বাস্থ্যপরীক্ষার পর চিকিৎসকেরা জানান, লীলার চিকিৎসার জন্য বিপুল অঙ্কের অর্থ লাগবে। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।
সদ্য নিয়োগ পাওয়ায় সুনীল শেঠির কাছে অর্থসাহায্য চাওয়ার সাহস পাচ্ছিলেন না কৃষ্ণা। তাঁর দুঃখী চেহারা দেখে সমস্যার কথা জানতে চান সুনীল। কৃষ্ণার মুখ থেকে সবকিছু শোনার পর সুনীল বলেন, ‘মেয়ের চিকিত্সা শুরু করে দাও। খরচ নিয়ে একটুও ভেবো না। এক লাখ কিংবা দশ লাখ রুপি, যা-ই লাগুক না কেন, চিকিৎসার পুরো খরচ আমি বহন করব।’
এরই মধ্যে লীলার চিকিত্সা-প্রক্রিয়া শুরু হয়েছে। তার চিকিত্সা ও স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি জানার জন্য নিয়মিত খোঁজ-খবর রাখছেন সুনীল শেঠি। লীলার পরিবারের সদস্যরা জানান, সে তিন বোনের মধ্যে সবার ছোট। চিকিৎসা শুরু হওয়ার পর ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।