আজ শেষ হচ্ছে ‘বেঙ্গল-আইটিসি এসআরএ উচ্চাঙ্গসংগীত উৎসব’। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এ উৎসব যৌথভাবে আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন এবং আইটিসি ও এসআরএ। সার্বিক সহযোগিতা করছে প্রথম আলো। প্রথমবারের মতো আয়োজিত চার দিনের এ উৎসব উৎসর্গ করা হয়েছে ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতির উদ্দেশে। এ উৎসব নিয়ে বললেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর নাতি ওস্তাদ শাহাদত হোসেন খান।উচ্চাঙ্গসংগীত উৎসব আজ শেষ হচ্ছে। উৎসবটি কেমন লেগেছে?উৎসব বলতে আমরা যা বুঝি, চার দিনের ‘বেঙ্গল-আইটিসি এসআরএ উচ্চাঙ্গসংগীত উৎসব’ ঠিক তেমনই। খুব সুন্দর হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু মনে কিছু কষ্ট জমা হয়েছে। প্রথম দিন আমি সরোদ বাজিয়েছিলাম। আমাকে বেঙ্গল ফাউন্ডেশন কর্তৃপক্ষ আমন্ত্রণ জানিয়েছিল, তাতে আমি সম্মানিত হয়েছি। কিন্তু বাংলাদেশের অংশগ্রহণ সেভাবে ছিল না। ছিলাম মাত্র তিনজন—আমি, এবাদুল হক, প্রিয়াঙ্কা গোপ। উৎসবে উচ্চাঙ্গসংগীতের যে মানের শিল্পীরা এসেছেন, আপনি কি মনে করেন, বাংলাদেশে উচ্চাঙ্গসংগীতের চর্চার মান ততটা উন্নত হয়েছে?না, তা আমি বলব না। কিন্তু বাংলাদেশের যাঁরা চর্চা করছেন, তাঁদের তো উৎসাহ দিতে হবে। আর বাংলাদেশে এখন অনেকেই খুব ভালো করছেন। পুরোনো দু-একজনও আছেন; উচ্চাঙ্গসংগীত এবং নাচ—দুটোতেই। যদি তাঁরা এখন সুযোগই না পান, তাহলে ভবিষ্যতের জন্য নিজেদের তৈরি করবেন কীভাবে?এ ধরনের আর কোনো উৎসব কি এর আগে ঢাকায় হয়েছে?বিচ্ছিন্নভাবে ছোট আকারে কিন্তু কিছু হচ্ছে। তবে বড় আকারে প্রথম হয়েছিল ১৯৭২ সালে, বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ‘আলাউদ্দিন মিউজিক কনফারেন্স’ নামে তিন দিনের ওই উৎসব আয়োজন করেছিল কলেজ অব মিউজিক। এর উদ্যোক্তা ছিলেন ওস্তাদ বারীন মজুমদার।বাংলাদেশে সরোদের চর্চা বাড়ানোর জন্য আপনি কী করছেন?ব্যক্তিগত উদ্যোগে শেখাচ্ছি। সরোদ-যন্ত্রটির দাম অনেক। মোটামুটি মানের একটি সরোদ ন্যূনতম ৪০ হাজার রুপি। শেখার জন্য তার চেয়ে কিছু কম দামেও পাওয়া যায়। আর তা শেখার জন্য অন্তত ১০ থেকে ১২ বছর সময় ব্যয় করতে হয়। কিন্তু ভবিষ্যৎ অনিশ্চিত। এর পরও যারা আগ্রহী হয়, আমি তাদের শেখাচ্ছি।