সুন্দরবনকে ভোট দেবেন শাহরুখ
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে ভোট দেবেন শাহরুখ খান। আগামী ১০ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘কিং খান লাইভ ইন ঢাকা’ কনসার্টে অংশ নেবেন তিনি। এ অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী জানান, কনসার্টে অংশ নিতে এসে শাহরুখ সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের জন্য ভোট দেবেন। পাশাপাশি তিনি সবাইকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাবেন।জানা গেছে, শাহরুখ খানের জনপ্রিয়তা কাজে লাগিয়ে অন্তর শোবিজের সহযোগিতায় বাংলাদেশ ট্যুরিজ্যম বোর্ড সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে ভোট দিতে সবাইকে উদ্বুদ্ধ করবে। স্বপন চৌধুরী বললেন, ‘সুন্দরবন বাংলাদেশের এক অনন্য সম্পদ। বর্তমানে এটি পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের প্রতিযোগিতায় লড়ছে। শাহরুখ খানের জনপ্রিয়তার কথা মাথায় রেখে তাঁকে দিয়ে ভোট দেওয়ার পরিকল্পনা করেছি। এ ব্যাপারে শাহরুখের সঙ্গে আলাপ হয়েছে। শাহরুখও এতে রাজি হয়েছেন।’স্বপন চৌধুরী আরও বলেন, ‘অনুষ্ঠানের মধ্যেই আমরা শাহরুখ খানকে দিয়ে এই ভোট দেওয়ার কাজটা করব। পাশাপাশি শাহরুখ খানের মাধ্যমে সুন্দরবনকে পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের আহ্বানও জানানো হবে।’বিমান ও পর্যটনসচিব এবং বাংলাদেশ ট্যুরিজ্যম বোর্ডের চেয়ারম্যান শফিক আলম মেহেদী বললেন, ‘বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের বর্তমান স্লোগান হচ্ছে “বিউটিফুল বাংলাদেশ”। আমরাও সেদিকেই যাচ্ছি। আশা করছি, বাংলাদেশের পর্যটনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে শাহরুখ খানকে নিয়ে এ ধরনের উদ্যোগ বাংলাদেশ ও বিশ্বে সাড়া ফেলবে।’ উল্লেখ্য, সুন্দরবনের মোট আয়তনের ৬২ শতাংশ বাংলাদেশের সীমানায়। ‘কিং খান লাইভ ইন ঢাকা’য় অংশ নিতে আগামী ৯ ডিসেম্বর ঢাকায় আসছেন শাহরুখ খান।