সুন্দরবনে সুমাইয়া শিমু
‘অনেক দিন ধরেই ইচ্ছে ছিল সুন্দরবনে বেড়াতে আসার। কিন্তু কেন যেন কখনোই আসা হয়নি। এবারই প্রথম সুন্দরবনে এলাম। সুন্দরবনের সৌন্দর্যে বলতে পারেন আমি দারুণ উত্তেজিত। এখানে শুটিংয়ের অভিজ্ঞতা আমি বলে বোঝাতে পারব না। শুটিং করতে সুন্দরবনের স্থানীয় মানুষের সঙ্গে মিশতে হয়েছে। এক কথায় অসাধারণ অভিজ্ঞতা এটি।’ নিজের প্রথম সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা ঠিক এভাবেই বর্ণনা করছিলেন সুমাইয়া শিমু।তুহিন অবন্তের রচনা ও পরিচালনায় ‘যে প্রেম অরণ্যচারী’ নাটকটিতে আরও অভিনয় করছেন তৌকির আহমেদ ও আজাদ আবুল কালাম।নাটকটির গল্প প্রসঙ্গে শিমু বলেন, ‘নাটকটিতে আমি ও তৌকির ভাই (তৌকির আহমেদ) স্বামী-স্ত্রী। বিয়ের পর বেড়াতে যাই সুন্দরবনে। কিন্তু সুন্দরবনে বেড়াতে যাওয়াটা স্বামীর কোনোভাইে পছন্দ না। ওখানে গিয়ে আমার সঙ্গে দেখা হয় সুন্দর পাগলা নামের এক লোকের। কথা বলতে বলতে একপর্যায়ে বেরিয়ে আসে সে আমার বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, যার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু কী এক অজ্ঞাত কারণে তাঁর সঙ্গে আমার কখনোই যোগাযোগ হয়নি। কোথায় যেন সে হারিয়ে গিয়েছিল। শুরু হয় এক নতুন কাহিনি।’নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন, ‘নাটকটিতে অভিনয় আমার জন্য একেবারেই অন্য রকম একটি অভিজ্ঞতা। এখানে কাজ করতে এসে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন করতে গিয়ে সুন্দরবনকে ভোট দিয়েছি। শুধু নিজে নয়, আশপাশের এলাকার অনেক মানুষকেও ইন্টারনেটে সুন্দরবনকে ভোট দিয়ে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে ভূমিকা রাখার আবেদন জানিয়েছি। নাটকটি আসলে আমার জন্য বিভিন্ন দিক থেকে স্মরণীয় হয়ে থাকবে।’ জানা গেছে নাটকটির কাজ শেষ করে আগামীকাল বৃহস্পতিবার সকালে ঢাকা ফিরেছেন শিমু। ‘যে প্রেম অরণ্যচারী’ নাটকটি কোরবানির ঈদে বাংলাভিশনে প্রচারিত হবে।