সুন্দরবনের জন্য গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ অক্টোবর ২০১০। মাঠ ভরে গেছে অনেক আগেই। গ্যালারিও প্রায় টইটমু্বর। আর্মি স্টেডিয়াম কয়েক হাজার তরুণের পদচারণে মুখর। অনেক দিন পর একটা ওপেন এয়ার কনসার্ট হচ্ছে, কনসার্টে আসা কয়েক হাজার গানপাগল শ্রোতা তাই দারুণ খুশি। সুন্দরবনের জন্য কনসার্ট হচ্ছে, আর তাতে ব্যান্ডগুলো পাশে দাঁড়াবে না! এও কি হয়? বাংলাদেশ পর্যটন করপোরেশনের সঙ্গে এই আয়োজনে তাই পাশে দাঁড়িয়েছিল দেশের ব্যান্ডগুলোর সংগঠন বামবা। একসঙ্গে তারা আয়োজন করছে কনসার্ট ফর সুন্দরবন।দুপুর তিনটার সময় প্রথম মঞ্চে ওঠে দৃক। মাথার ওপরে তখন ঠা ঠা রোদ। তবে তাতে গানপ্রেমিকদের কোনো অসুবিধা হয়নি। এরপর একে একে মঞ্চে ওঠে দ্য ট্র্যাপ, মেকানিক্স, আর্বোভাইরাস, পাওয়ার সার্জ এবং নেমেসিস। ব্যান্ডগুলো তরুণ হলেও শ্রোতাদের উৎসাহ চরম। নেচে-গেয়ে প্রতিটি মুহূর্ত মাতিয়ে রাখছিল তারা। এর মধ্যেই সন্ধ্যার একটা ছোট বিরতি। এর পরই ঘোষণা এল মঞ্চে আসছেন জেমস। এত তাড়াতাড়ি জেমস! নড়েচড়ে দাঁড়ালেন স্টেডিয়ামভর্তি দর্শক। ‘লেইস ফিতা লেইস’ দিয়ে শুরু করে একে একে গাইলেন ‘জেল থেকে বলছি’, ‘মীরাবাঈ’ ইত্যাদি ছয়টি গান। ‘ভিগি ভিগি’ গানটি গেয়ে যখন নামলেন তখনো দর্শক নামতে দিতে চায় না জেমসকে। এরপর মঞ্চে উঠল শিরোনামহীন। ‘বন্ধ জানালা’ দিয়ে গানের খাতা খুললেন তুহিন। এরপর গাইলেন ‘একা পাখি’, ‘ইচ্ছেঘুড়ি’সহ বেশ কিছু জনপ্রিয় গান। মাকসুদ মঞ্চে উঠেই জমিয়ে ফেললেন মেলা। ‘মেলায় যাইরে’ গানটির পাশাপাশি গাইলেন ‘খুঁজি’, ‘বঙ্গাব্দ ১৪০০’ ইত্যাদি গোটা ছয়েক গান। বাপ্পা মজুমদার তাঁর ব্যান্ড দলছুটকে নিয়ে মঞ্চে উঠলেন তার পরপরই। ‘দিন বাড়ি যায়, কোন বাড়িতে ঘুমাও তুমি’ গাইবার পর সঞ্জীব চৌধুরীকে স্মরণ করে গাইলেন ‘বায়ান্ন তাস’ গানটি। দলছুট তাদের গান শেষ করে ‘তীর হারা এই ঢেউয়ের সাগর পারি দেব রে’ গানটি দিয়ে। ততক্ষণে তৈরি আর্টসেল। ‘অন্য সময়’, ‘ইতিহাস’, ‘দুখঃবিলাস’ গাইতে গাইতে জানা গেল সময় শেষ। দ্রুত শেষ করতে হবে কনসার্ট। আরও গাইবার ইচ্ছে থাকলেও ‘কান্ডারি হুঁশিয়ার’ গেয়েই বিদায় নিতে হলো আর্টসেলকে। এরপর ফিডব্যাক এসে গাইল চারটি গান। সেগুলোর মধ্যে ছিল ‘মৌসুমি’, ‘মেলা ১’, ‘মেলা ২’ ইত্যাদি গান।গানের ফাঁকে ফাঁকে চলছে সুন্দরবন নিয়ে কথা। পর্যটন ও বেসামরিক বিমান চলাচলমন্ত্রী জি এম কাদের অনুরোধ করলেন, সেভেন ওয়ান্ডার্সে সুন্দরবনকে বেশি বেশি ভোট দিতে। শিল্পীদের গলায়ও উঠে এল সেই একই সুর। দেশের গর্ব সুন্দরবনকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে এগিয়ে আসতে হবে সবাইকে।কথা ছিল ফিডব্যাকের পর মঞ্চে আসবে ওয়ারফেজ। কিন্তু হঠাৎ স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন ব্যান্ডের ড্রামার টিপু। ওয়ারফেজের বদলে মঞ্চে এলেন একা মিজান। অ্যাকুস্টিক গিটার দিয়ে গাইলেন ‘তোমাকে’ গানটি। তবে মঞ্চ থেকে নামার আগে কথা দিয়ে গেলেন আবার এ রকমই এক মঞ্চে মন ভরে গান শুনিয়ে দেবেন। ওয়ারফেজের অভাব পূরণ করতে এল মাইলস। ‘জ্বালা জ্বালা’ গাওয়ার পর হামিন আহমদ গাইলেন মাইলসের নতুন অ্যালবামের গান ‘প্রিয়তমা’। শেষ করলেন ডিপ পারপলের গান দিয়ে।সবার শেষে মঞ্চে এল এলআরবি। মঞ্চ থেকে ভেসে আসছে আইয়ুব বাচ্চুর ‘এখন অনেক রাত’। তবে রাত হয়ে গেছে। ফিরতে হবে বাড়ি। তাই গোটা চারেকের বেশি গান গাইতে পারলেন না তিনি। শ্রোতাদের অবশ্য তাতে মন ভরে না। কিন্তু কী আর করা। রাত যে অনেক হয়েছে।ফেরার পথে কথা হলো কয়েকজন শ্রোতার সঙ্গে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির রনো জানালেন, এখন তো আর আগের মতো কনসার্ট হয় না। অনেক দিন পর ওপেন এয়ারে গান শুনে অনেক ভালো লাগছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ জানালেন, মাঝেমধ্যে গান শুনতে সমস্যা হয়েছে সাউন্ড সিস্টেমের কারণে। এত বড় জায়গায় আরও ভালো সাউন্ড সিস্টেম থাকার দরকার ছিল। এসব ছোটখাটো সমস্যা বাদ দিলে দারুণ একটা কনসার্টের আনন্দ নিয়েই ফিরেছেন শ্রোতারা।