সুন্দরবনের জন্য এবার গাইতে এলেন ব্যান্ডের শিল্পীরা। খোলা আকাশের নিচে বসেছিল এই তারুণ্যদীপ্ত গানের আসর। গতকাল শুক্রবার হাজার হাজার দর্শক আর্মি স্টেডিয়ামে। গ্যালারি থেকে শুরু করে বিশাল মাঠ জনারণ্যে পরিণত। বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত স্টেডিয়াম ছিল কি-বোর্ড, গিটার আর ড্রামসের দখলে। আয়োজনের নাম ‘কনসার্ট ফর সুন্দরবন’। সুন্দরবনকে বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকায় প্রথম করার জন্য বাংলাদেশের নাগরিকদের ভোট দিতে উৎসাহিত করতে আয়োজন করা হয়েছিল এই উন্মুক্ত গানের আসর। যৌথ আয়োজক বাংলাদেশ ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন (বামবা) ও বাংলাদেশ পর্যটন করপোরেশন। দেশসেরা সব ব্যান্ড আর শিল্পীরা গানে গানে মাতিয়ে তুলেছিলেন তারুণ্যদীপ্ত শ্রোতাদের।সকাল থেকেই শ্রোতাসমাগম শুরু হয়েছিল স্টেডিয়ামের সামনে। দরজা খোলা হয় দুপুর একটায়। গানের শুরু বিকেল চারটা থেকেই। প্রথমে মঞ্চে আসে ‘বোহেমিয়ান’। তাদের ‘চলো চলো’, ‘যাত্রা’ ও ‘জানি না’ এই তিনটি গান শেষে মঞ্চে ওঠে ‘দৃক’। সাইফের কণ্ঠে দৃকের নিজস্ব গান ‘তারুণ্যের মিছিলে’র সঙ্গে হর্ষধ্বনি আর উচ্ছ্বাসে মেতে ওঠে দর্শক। উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে স্টেডিয়ামে। এরপর ‘ট্র্যাপ’, ‘মেকানিক্স’, ‘পাওয়ার সার্জ’, ‘নেমেসিস’, ‘আর্বোভাইরাস’—এই দলগুলোর রক গানে শ্রোতারা উচ্ছ্বসিত। সন্ধ্যার পর আয়োজন আরও জমজমাট। ‘চুলটানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানা’ গানটি নিয়ে মঞ্চে ওঠেন নগর বাউল জেমস। এরপর একে একে মঞ্চে আসতে থাকে ‘শিরোনামহীন’, ‘আর্টসেল’, ‘দলছুট’, ‘মাকসুদ ও ঢাকা’, ‘ফিডব্যাক’, ‘ওয়ারফেইজ’, ‘মাইলস’ ও ‘এলআরবি’। এলআরবির আইয়ুব বাচ্চুর গান আর গিটারের মূর্ছনায় দর্শক উন্মাতাল। তিনি পরিবেশন করেন ‘সেই তুমি কেন এতো অচেনা হলে’, ‘অভিলাষী আমি’, ‘বাংলাদেশ’সহ নিজের জনপ্রিয় বেশ কয়েকটি গান। গিটারের তারে জাতীয় সংগীতের সুর তুলে শেষ করেন নিজের পরিবেশনা। গানের ফাঁকে ফাঁকে শিল্পীরা প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকায় সুন্দরবনকে প্রথম করতে ভোট দেওয়ার জন্য দর্শকদের প্রতি আহ্বান জানান। কনসার্ট ফর সুন্দরবনের অন্যতম আয়োজক বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, ‘বামবা সব সময়ই বিষয়-নির্দিষ্ট অনুষ্ঠানের আয়োজন করে। কখনো বন্যার্তদের সাহায্যে, কখনো বা দুস্থদের জন্য। এবার সুন্দরবনের সৌন্দর্যকে বিশ্বে পরিচিত করে তুলতে এবং এর শ্রেষ্ঠত্ব প্রমাণে সবাইকে ভোটদানে উৎসাহিত করতে এই কনসার্টের আয়োজন করা হয়েছে।’ এ বছরের ডিসেম্বরের মধ্যে কনসার্ট ফর সুন্দরবন খুলনা ও সুন্দরবনে করার পরিকল্পনার কথাও জানান তিনি।রাত বাড়তে থাকে আর বাতাসে ভাসতে থাকে সুরের মূর্ছনা। গানে গানে আর্মি স্টেডিয়ামের দর্শক কাল নিজেদের আনন্দ উপভোগের পাশাপাশি প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকায় সুন্দরবনকে সেরা করার শপথ নিয়ে বাড়ি ফেরেন।