সুন্দরবনের পক্ষে শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে সপ্তাশ্চর্য নির্বাচনে ভোট দেবেন বলিউড অভিনেতা শাহরুখ খান। এমন একটা খবর গত বেশ কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল। অবশেষে গতকালই অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী এ খবর নিশ্চিত করেন। শাহরুখ খানের যে জনপ্রিয়তা, সেটাকে কাজে লাগিয়ে বাংলাদেশ টুরিজম বোর্ড অন্তর শোবিজের সহযোগিতায় সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকায় নিয়ে আসতে উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে শাহরুখ খান বাংলাদেশ সফরের সময় সুন্দরবনকে ভোট দেবেন এবং মানুষকে ভোটদানে উত্সাহিত করবেন। কর্তৃপক্ষ মনে করছে, এ উদ্যোগ মানুষকে সুন্দরবনের পক্ষে ভোটদানে ব্যাপকভাবে উত্সাহিত করবে।অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, ‘সুন্দরবন বাংলাদেশের এক অনন্য সম্পদ। বর্তমানে এটি পৃথিবীর সপ্তাশ্চর্য নির্বাচনের প্রতিযোগিতায় লড়ছে। শাহরুখ খানের জনপ্রিয়তার বিষয়টা কথা মাথায় রেখেই আমি চিন্তা করেছি তাঁকে দিয়ে ভোট দেওয়ার বিষয়টা। এরই মধ্যে এ ব্যাপারে তাঁর সঙ্গেও আলাপ হয়েছে। আর তিনিও এতে সম্মতি জ্ঞাপন করেছেন বলে জানা গেছে।’স্বপন চৌধুরী আরও বলেন, ‘অনুষ্ঠানের এক ফাঁকে আমরা শাহরুখ খানকে দিয়ে সুন্দরবনকে ভোট দেওয়ার কাজটা করব। পাশাপাশি তাঁর মাধ্যমে সুন্দরবনকে পৃথিবীর সপ্তাশ্চর্য নির্বাচনের আহ্বানটাও দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন ভাষাভাষী লোকজনকে জানাব।’পর্যটনসচিব ও বাংলাদেশ টুরিজম বোর্ডের চেয়ারম্যান শফিক আলম মেহেদী এ ব্যাপারে বলেন, ‘বাংলাদেশ টুরিজম বোর্ডের বর্তমান স্লোগান হচ্ছে বিউটিফুল বাংলাদেশ। আমরা মনে করছি, ধীরে ধীরে আমরা সেদিকেই যাচ্ছি। বাংলাদেশের পর্যটনকে এগিয়ে নেওয়ার জন্য শাহরুখ খানকে নিয়ে এ ধরনের উদ্যোগ বাংলাদেশ এবং পথিবী জুড়ে সাড়া ফেলবে। বাংলাদেশের পর্যটন শিল্পের অগ্রগতিতে এর আগে এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’ উল্লেখ্য, সুন্দরবনের মোট আয়তনের ৬২ শতাংশ বাংলাদেশে। আগামী ৯ ডিসেম্বর শাহরুখ খান অন্তর শোবিজের আমন্ত্রণে ‘কিং খান লাইভ ইন ঢাকা’তে পারফর্ম করতে আসছেন। ১০ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত পাঁচ ঘণ্টার অনুষ্ঠান কিং খান লাইভ ইন ঢাকাতে সুন্দরবনকে ভোট দেবেন তিনি।