সুন্দরবনের প্রতি ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বুধবার সন্ধ্যায় তেজগাঁওয়ের নভো কনভেনশন সেন্টারের পরিবেশ ছিল উৎসবমুখর। মিলনায়তনের ভেতরে-বাইরে শোভা পাচ্ছে সুন্দরবনের নানা মনোরম দৃশ্য। মিলনায়তন ছিল দর্শকে পরিপূর্ণ। তারা এখানে জমায়েত হয়েছে সুন্দরবনের প্রতি ভালোবাসার টানে। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনের পক্ষে ভোট দিতে। ‘ভোট ফর সুন্দরবন’ স্লোগান নিয়ে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস লিমিটেড। এতে প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও ইউএনএফপিএর বিশেষ দূত বলিউড তারকা মনীষা কৈরালা। শুভেচ্ছা বক্তব্য দেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উপাচার্য শামসুল হক।এ অনুষ্ঠানের দর্শক সারিতে দেশের শিল্প-সংস্কৃতি-ক্রিড়াঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তাঁরা সবাই সুন্দরবনের পক্ষে ভোট দেন এবং অন্যদের ভোট দিতে আহ্বান জানান। ভোটপর্ব শেষে ছিল সংগীতানুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন মমতাজ বেগম।চিত্রকলা ও আলোকচিত্র প্রদর্শনীজাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে গতকাল উত্তরার কবি জসীমউদ্দীন রোডের ক্রিয়েটিভ ডেস্টিনেশনের গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী মুস্তাফিজুল হকের ৩৫ বছরের নির্বাচিত শিল্পকর্ম এবং ‘দ্য চিত্রকরস: সাগা অব কাঠমান্ডু ভ্যালি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করেন বলিউডের তারকা অভিনেত্রী মনীষা কৈরালা। গতকাল দুপুরে প্রদর্শনীর উদ্বোধনের আগে ছিল আলোচনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত নিমচন্দ্র ভৌমিক, বাংলাদেশে নেপাল দূতাবাসের কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র আড়িয়াল, শিল্পী সমরজিৎ রায় চৌধুরী প্রমুখ। শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমাম-উল কবির মনীষা কৈরালাসহ অন্য অতিথিদের স্মারক উপহার দেন। মুস্তাফিজুল হকের ৩৫ বছরের কাজ নিয়ে আয়োজিত প্রদর্শনীতে শিল্পকর্ম ৪৭টি। এতে তেল ও জলরং অ্যাক্রিলিক ছাড়াও জাপানি ‘ওয়াশ’ পদ্ধতির কাজ আছে। তাঁর শিল্পকর্মে আছে জড়জীবন, আছে বস্তি, আছে প্রাণী ও প্রকৃতির জয়গান। এর আগে দেশ-বিদেশে শিল্পী মুস্তাফিজুল হকের চারটি একক প্রদর্শনী হয়েছে। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছেন।অন্যদিকে ‘দ্য চিত্রকরস: সাগা অব কাঠমান্ডু ভ্যালি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীতে ১৯০৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত নেপালের চিত্রকর পরিবারের তিন প্রজন্মের তোলা ১০৫টি আলোকচিত্র স্থান পেয়েছে। এসব আলোকচিত্রে রাজপরিবারসহ নেপালের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা উঠে এসেছে। গতকাল উদ্বোধনীতে উপস্থিত ছিলেন আলোকচিত্রী কিরণ মান চিত্রকর। তাঁর বাবা নেপালের রাজপরিবারের আলোকচিত্রী গণেশ মান চিত্রকর এবং দাদা দীর্ঘ মান চিত্রকরের আলোকচিত্র দিয়ে সাজানো হয়েছে এ প্রদর্শনী। প্রদর্শনী শেষ হবে ২৫ জানুয়ারি।খাদি উৎসবে রঙের মেলাঘরে ঘরে ক্রেতা-দর্শনার্থীরা নানা রং আর নকশার খাদির পোশাক দেখছে। প্রতিটি ঘরের মেঝেতে বড় একটি মাটির পাত্রের পানিতে ভাসছে বিভিন্ন রঙের ফুল আর প্রদীপ। ছাদ থেকে ঝুলিয়ে রাখা নানা রঙের কাগজে লেখা ‘অন্যমেলা খাদি উৎসব ২০১১’। এ উৎসবের আয়োজন করেছে পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘অন্যমেলা’। প্রতিষ্ঠানটির বনানীর ১১ নম্বর সড়কের ৭৬ নম্বর বাড়ির বিক্রয়কেন্দ্রে এ উৎসব চলছে। গতকাল বিকেলে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও সংগীতশিল্পী ফেরদৌসী রহমান। স্বাগত বক্তব্য দেন ‘অন্যমেলা’র প্রধান নির্বাহী মাযহারুল ইসলাম। অতিথিরা বলেন, ‘খাদি আমাদের সংস্কৃতির অংশ। এর সঙ্গে আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং আদর্শেরও সংযোগ রয়েছে। খাদি আমাদের মনে করিয়ে দেয় স্বদেশি আন্দোলনের কথা। খাদি প্রায় হারিয়ে যাচ্ছিল। অন্যমেলাসহ কিছু বুটিক খাদিকে আবার নতুনরূপে ফিরিয়ে এনেছে। তাদের এই ভূমিকা প্রশংসনীয়।’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংগীত পরিবেশন করেন কুদ্দুস বয়াতি ও তাঁর দল। উৎসব উপলক্ষে এ দিন ‘অন্যমেলা’ অতিথি ও ক্রেতা-দর্শনার্থীদের ভাপা, চিতইসহ নানা রকম পিঠা দিয়ে আপ্যায়িত করে।