সুন্দরী নির্বাচনে ভুল করে বিপাকে মিস গ্লোব নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিনথিয়া নাথ
সিনথিয়া নাথ

মিস গ্লোব নিউজিল্যান্ড প্রতিযোগিতায় মিস ফটোজেনিক বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছিল ভারতীয় বংশোদ্ভূত ফিজির অধিবাসী সিনথিয়া নাথের নাম। কিন্তু পরে জানানো হয়, আরেক প্রতিযোগীর সঙ্গে চেহারায় সাদৃশ্য থাকায় ভুলবশত সিনথিয়ার নাম ঘোষণা করা হয়েছে। আসলে প্রকৃত বিজয়ী ফিজিতে জন্ম নেওয়া ভারতীয় বংশোদ্ভূত লরিজা লতিফ। এর পরিপ্রেক্ষিতে মিস গ্লোব নিউজিল্যান্ড আয়োজকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন সিনথিয়া।

সিনথিয়ার দাবি, ১০ মে নিউজিল্যান্ডের পাপাকুড়ায় স্থানীয়ভাবে বিজয়ী ঘোষণা করা হয় তাঁকে। পরে ১৯ বছর বয়সী সিনথিয়াকে জানানো হয়, প্রতিযোগিতার পরবর্তী রাউন্ডে অংশ নেওয়ার জন্য তুরস্কে যেতে হবে তাঁকে। এজন্য তাঁর কাছে বিমানের ভাড়াসহ মোট তিন হাজার ডলার চাওয়া হয়। এ প্রসঙ্গে সিনথিয়ার ভাষ্য, ‘আমাকে বলা হলো, আমি তিন হাজার ডলার জোগাড় করতে পারব কি না। আমি বিস্মিত হয়ে বললাম, এই ব্যয় তো আমার বহন করার কথা না।’

সিনথিয়া আরও বলেন, ‘বিজয়ী ঘোষণা করার পর তুরস্কে যেতে আমি শুধু পোশাক কেনার পেছনেই এক হাজার ডলার খরচ করে ফেলি। আমি মিস গ্লোব নিউজিল্যান্ডের নির্বাহী কর্মকর্তা মিলাগ্রোস ম্যানুয়েলকে সাফ জানিয়ে দিলাম, আমার পক্ষে কোনোভাবেই তিন হাজার ডলার জোগাড় করা সম্ভব না।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের ডেইলিমেইল ডটকম। 

লরিজা লতিফ
লরিজা লতিফ



সিনথিয়া জানিয়েছেন, তিন হাজার ডলার জোগাড় করতে না পারলে মুকুট ফেরত দিতে বলা হয় তাঁকে। এর এক দিন পর মিস গ্লোব নিউজিল্যান্ড আয়োজকদের সঙ্গে যোগাযোগ করলে তাঁকে জানানো হয়, ভারতীয় বংশোদ্ভূত আরেক প্রতিযোগী লরিজা লতিফের সঙ্গে চেহারায় সাদৃশ্য থাকায় ভুলবশত বিজয়ী হিসেবে সিনথিয়ার নাম ঘোষণা করা হয়েছিল। আসলে প্রকৃত বিজয়ী লরিজা লতিফ। অনেকটা জোর করেই সিনথিয়ার কাছ থেকে মুকুট ফেরত নিয়ে লরিজা লতিফকে দেওয়ার ব্যবস্থা করা হয়।

এভাবে হয়রানি করার জন্য মিস গ্লোব নিউজিল্যান্ডের আয়োজকদের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন সিনথিয়া। প্রতিযোগিতায় অংশ নেওয়ার এন্ট্রি ফি বাবদ ৫০০ ডলার এবং অন্যান্য খরচ মিলিয়ে প্রায় এক হাজার ডলার ফেরত চান সিনথিয়া। শুধু তা-ই নয়, তাঁর কাছে মিস গ্লোব নিউজিল্যান্ড আয়োজকদের ক্ষমা চাওয়ার জন্যও আদালতে আবেদন করবেন সিনথিয়া।