সুন্দরী প্রতিযোগিতায় মিলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাঙ্খা পাঙ্খা পাঙ্খা, পাঙ্খা হইল মন/এখন মনের পাঙ্খা ঘুরে না তো, খুঁজে বেড়াই বন।’ মমতাজের গাওয়া ‘পাঙ্খা’ অ্যালবামের সূচনা সংগীতের কলি এটি। ২০০৮ সালে অ্যালবামটি বাজারে আসে। অ্যালবামের সূচনা সংগীত ‘পাঙ্খা’ তখন বেশ সাড়া ফেলেছিল। বছর দুয়েক আগের সেই গানটিকে এবার নাটকে রূপান্তর করা হচ্ছে।নাটকটি পরিচালনা করবেন নোমান রবিন। এর নাট্যরূপ দিয়েছেন গানটির গীতিকার অনুরূপ আইচ। গানের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই নির্মাতা নাটকের নাম রেখেছেন ‘পাঙ্খা’। তবে গানের ‘পাঙ্খা’ মমতাজ হলেও নাটকের পাঙ্খা হচ্ছেন ফারহানা মিলি। নাটকটিতে মিলিকে একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে দেখা যাবে।পাঙ্খা নাটকে অভিনয় প্রসঙ্গে মিলি বলেন, ‘এটা আসলে অন্য রকম ভালো লাগা। এ রকম একটি চমত্কার গান নিয়ে নির্মিত নাটকে কাজ করতে যাচ্ছি। এখানে আমি বস্তির মেয়ে হয়ে অভিনয় করব। একপর্যায়ে একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। আর সেরা সুন্দরীর মুকুটটা জয় করি। বাস্তবে সুন্দরী প্রতিযোগিতায় অংশ না নিলেও নাটকের মাধ্যমে এবার সে কাজটা করতে হবে। আমি আসলে গল্পটি যত দূর শুনেছি, তাতে মনে হচ্ছে এর জন্য আমাকে বেশ ভালোভাবেই প্রস্তুতি নিতে হবে। কারণ এ নাটকের মধ্যে নাচ-গানের একটা ব্যাপার-স্যাপারও রয়েছে। আশা করি, কাজটি আমার জন্য বেশ কষ্টসাধ্যও হবে।’পরিচালক নোমান রবিন বলেন, ‘আসলে গানের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই আমি নাটকের নামের পরিবর্তন আনার কোনো চিন্তা করিনি। গানটির জনপ্রিয়তা আমাকে বেশ অবাক করেছিল। গানটির গীতিকার আমার বন্ধু হওয়ায় আমি তাঁকে তখনই বলেছিলাম, কোনো একদিন যদি সুযোগ হয়, তাহলে গানটিকে নাটকে রূপান্তর করব। অবশেষে সেটা বাস্তবে হতে যাচ্ছে। এটা ভাবতেই বেশ ভালো লাগছে।’উল্লেখ্য, এর আগে পাঙ্খা নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার কথা ছিল তিশার। কিন্তু বিয়ে-পরবর্তী ব্যস্ততার কারণে তিশা নাটকটিতে অভিনয় করতে পারছেন না। তাই তিশার স্থলাভিষিক্ত হলেন মিলি।