সুপার মডেল ঈশানা!
রিয়েলিটি শো লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় আসা মৌনতা খান ঈশানা এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন। সুপারস্টার পরিচয় ছাপিয়ে তিনি এবার সুপার মডেলের খেতাব অর্জন করতে যাচ্ছেন। তবে রিয়েলিটি শোর কোনো প্রতিযোগিতায় অংশ নিয়ে নয়। ঈশানাকে সুপার মডেল হিসেবে দেখা যাবে ‘দূরত্ব বজায় রাখুন’ নামের একটি এক ঘণ্টার নাটকে। গত মঙ্গলবার থেকে নাটকটির শুটিংয়ে অংশ নেন তিনি। চারুলতা নামের শুটিং হাউসে দুই দিনব্যাপী শুটিং শেষে নাটকটিতে তিনি নিজের অংশের কাজ শেষ করেন।অভিনয় প্রসঙ্গে ঈশানা বলেন, ‘এটা আসলে একেবারেই অন্য রকম অভিজ্ঞতা। পরিচালক নাটকটিতে আমাকে যেভাবে উপস্থাপন করেছেন, তাতে প্রথমে মনে হয়েছে সত্যিই আমি সুপার মডেল। অভিনয় করতে গিয়ে আমরা সবাই মিলে বেশ মজা করেছি। এ ছাড়া মোশাররফ করিম ভাই এবং তিশা আপুর কাছ থেকেও বেশ সহযোগিতা পেয়েছি।’দূরত্ব বজায় রাখুন নাটকটির কাজ শেষ করে ঈশানা এখন একটি বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত আছেন। বিজ্ঞাপনটির কাজে ঈশানা এখন সিলেটের শ্রীমঙ্গলে অবস্থান করছেন। শুটিং শেষ করে শিগগির তিনি ঢাকায় ফিরবেন ।