সুপারহিট সিংঘাম
মুক্তির আগে অনেকেই সিংঘাম নিয়ে বলেছিল, এটি আর কিছু নয়, অজয় দেবগনের দাবাং। গোঁফ গজিয়ে পুলিশের পোশাক পরে যেন সালমান খানকেই নকল করেছেন অজয়। অবশ্য সিংঘাম মুক্তির পর সবাই বলছেন ভিন্ন কথা, ‘অজয়কে অ্যাকশন হিরো হিসেবে অনেক দিন পর পাওয়া গেল। ইদানীং অন্য কোনো নায়ক অ্যাকশন ছবিতে এতটা স্বচ্ছন্দ ছিলেন না।’ অজয় ভক্তরাও মহা খুশি। ফুল ঔর কাঁটে দিয়ে ১৯৯১ সালে যাত্রা শুরু করা অজয় ক্যারিয়ারের প্রথম ছবি থেকেই অ্যাকশন হিরোর তকমা গায়ে লাগিয়েছিলেন। অ্যাকশন পরিচালক বীরু দেবগনের ছেলে হওয়ায় প্রায় সব ছবিতেই নিজের স্টান্ট নিজেই করতেন অজয়। তবে কাজলকে বিয়ের পর এসব সাহসী কাজ থেকে বাধ্য হয়েই দূরে থাকতে হয়েছে তাকে। এমনকি অ্যাকশন ছবি থেকে দূরে সরে অজয় ব্যস্ত হয়ে পড়েছিলেন কমেডি ছবিতে। তবে মনের অজান্তে পুরোনো নেশাটা উঁকিঝুঁকি মারত প্রায়ই। অপেক্ষা করতেন যথার্থ অ্যাকশন ছবির, যা দিয়ে সেলুলয়েডের পর্দায় রাজার বেশে ফেরা যাবে। সিংঘাম তেমনই এক ছবি। প্রথম তিন দিনে ৩১ কোটি সাত লাখ রুপি ব্যবসা করে বছরের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ডটি ঘরে তুলেছে সিংঘাম। এটা ঠিক, বলিউডে মসলাদার অ্যাকশন ছবির ধারাটি নতুন করে সূচনা করেছিলেন সালমান খান। তাঁর ওয়ান্টেড, দাবাং ফিরিয়ে এনেছে আমজনতার জন্য নির্মল বিনোদনে ভরপুর অ্যাকশন, রোমান্স, আইটেম গান। এসব ছবিতে নায়ক একাই ৫০ গুন্ডাকে ঘুষি মেরে আকাশে চড়াবে, ছবির শেষ দৃশ্যে দুর্দান্ত অ্যাকশনের পর নায়কের জয় হবে। আর ফলাফল—দর্শক খুশি। কাহিনি কতটা ব্যতিক্রম, এ নিয়ে ভাবেন না সাধারণ দর্শক। তাঁদের প্রত্যাশা দুই ঘণ্টা এক অন্য জগতে প্রবেশের; যে জগতে থাকবে স্রেফ নির্মল বিনোদন।অবশ্য অজয়ের সিংঘাম সালমানের দাবাং-এর কপি না হলেও তামিল ছবি সিংঘাম-এর বলিউডি সংস্করণ। বলিউড তারকা থেকে আমজনতার প্রতিক্রিয়া—সব মিলিয়ে ধারণা করা হচ্ছে, সিংঘাম ব্লকবাস্টারের পথে ছুটছে। অবশ্য অজয়ের জ্যোতিষী এমনটিই ভবিষ্যদ্বাণী করেছিলেন এ বছরের জানুয়ারিতে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে অজয় গত বছর ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই, অতিথি তুম কাব জাওগে, গোলমাল ৩-এর মতো সুপারহিট, হিট ছবি উপহার দিয়েছিলেন দর্শকদের। তা-ও ব্লকবাস্টার হিটটি যেন অধরাই ছিল। জ্যোতিষী বলেছিলেন, দেবগন থেকে একটি ‘এ’ ফেলে দেবার জন্য। তাতে যদি অজয়ের ভাগ্য ফেরে। জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী অজয় সিংঘাম-এর শুটিং শুরু করার আগে দেবগন থেকে ‘এ’কে বিদায় জানিয়েছিলেন। বিশ্বাস ভঙ্গ হয়নি। সুতরাং এখন হয়তো জ্যোতিষী বললে পুরো দেবগনই ফেলে দেবেন তিনি। সিংঘাম-এ নায়িকার ভূমিকা বেশ সামান্যই। তাই বলিউডের কোনো তারকা নায়িকাকে নিয়ে দর্শকের প্রত্যাশার পারদ বাড়াতে চাননি পরিচালক রোহিত শেঠি। দক্ষিণী ছবির নায়িকা কাজল আগারওয়ালকেই ছবিতে সুযোগ দেন। পাঞ্জাবি কাজল মুম্বাইয়ে জন্ম নিলেও ক্যারিয়ার শুরু করেন তামিল ছবি দিয়ে। ২১টি ছবি করেন তিনি দক্ষিণে। মাঝে অবশ্য কিউ হো গ্যায়া না ছবিতে ঐশ্বরিয়া রাইয়ের বান্ধবীর চরিত্র করার জন্য বলিউডে পা রেখেছিলেন। তবে নায়িকা হিসেবে সিংঘাম ছবিতেই কাজলের প্রথম বলিউডে পদার্পণ। নায়িকা কাজলকে মারাঠি শেখার জন্য শিক্ষকের দায়িত্ব পালন করেন অজয়-পত্নী এবং বলিউডের অন্যতম শীর্ষ জনপ্রিয় অভিনেত্রী কাজল। শুধু নয়া কাজলকেই নয়, অজয়কেও বাড়িতে নিয়মিত প্রশিক্ষণ দিয়েছেন স্ত্রী কাজল। অজয় ছবিতে এতটাই চোস্ত মারাঠি বলেছেন যে, মহারাষ্ট্র পুলিশ বিভাগ সম্প্রতি তাঁদের মুখপাত্র হিসেবে অজয়ের নাম ঘোষণা করেছে। কাজল তাঁর স্বামীর নতুন ছবি দেখে মহা উৎফুল্ল। পুরো থিয়েটার নাকি শিস, তালি দিয়ে জমিয়ে রেখেছিলেন কাজল। শুধু তা-ই নয়, রাজস্থানের দর্শকেরা ছবি শেষে সবাই দাঁড়িয়েও সম্মান জানিয়েছে অজয় ও তাঁর দলকে। একই রাজ্যে রাত তিনটায়ও দর্শকের অনুরোধে শো চালাতে হচ্ছে। অজয়ের সিক্স প্যাক অ্যাবস এবং বাজিরাও সিংঘাম চরিত্রের প্রেমে পড়েছে দর্শক। এই ভালোবাসা কজনেরই বা ভাগ্যে জোটে? রুম্মান রশীদ খান সূত্র: ওয়েবসাইট