সুফি সূত্র উত্সবে অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহড়ায় অর্ণব অ্যান্ড ফ্রেন্ডসের চার সদস্য
মহড়ায় অর্ণব অ্যান্ড ফ্রেন্ডসের চার সদস্য

ভারতের কলকাতার মোহরকুঞ্জে আজ শুক্রবার শুরু হচ্ছে সুফি গানের উত্সব ‘সুফি সূত্র’। আয়োজন করেছে বাংলা নাটক ডটকম। তিন দিনের এই উত্সবে অংশ নিচ্ছে ইরান, পতুর্গাল, সুইডেন, ডেনমার্ক, স্পেনের গানের দল ও শিল্পীরা। ভারত থেকে অংশ নিচ্ছে কলকাতা, পাঞ্জাব, বিহার আর রাজস্থানের শিল্পীরা। উত্সবে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে অর্ণব অ্যান্ড ফ্রেন্ডসকে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কলকাতার উদ্দেশে ঢাকা ছেড়েছে গানের এই দলটি। দলে আছেন অর্ণব (কণ্ঠ, গিটার, সরোজ), বুনো (বেস, কণ্ঠ), পান্থ কানাই (রিদম, কণ্ঠ), নজরুল (ঢোল), কার্তিক (সরোজ, গিটার, কণ্ঠ), সাদ (গিটার), মারুফ (শব্দ প্রযোজক) ৷
গত কয়েক দিন গুলশানে বুনোর স্টুডিওতে অর্ণব অ্যান্ড ফ্রেন্ডসের সদস্যরা টানা মহড়া করেছেন। গত মঙ্গলবার বিকেলে অর্ণব বলেন, ‘আমরা এবারই প্রথম এই উত্সবে অংশ নিচ্ছি। তাই প্রস্তুতিও ব্যাপক হচ্ছে। আমরা সেখানে রবীন্দ্রসংগীত, লালনের গান, দুরবীন শাহসহ আরও অনেকের গান করব।’
অর্ণব জানান, কাল শুক্রবার তাঁরা গান করবেন মোহরকুঞ্জে। এরপর আরেকটি আমন্ত্রণে যাবেন পাটনায়। সেখানে গান করবেন ৭ ফেব্রুয়ারি। এরপর তিনি চলে যাবেন মুম্বাইয়ে। এখন থেকে তিনি সেখানেই কাজ করবেন। এরই মধ্যে প্রিতম ও অরিজিৎ তাঁদের সঙ্গে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন অর্ণবকে।