সুফি সূত্র উৎসবে বাংলাদেশের শিল্পীদের গানে মুগ্ধ সবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোববার সন্ধ্যায় ভারতের কলকাতার নিকো পার্কের মঞ্চে যখন বাংলাদেশের শিল্পীরা লালন শাহের গান গাইতে উঠলেন, তখন হাততালি দিয়ে তাঁদের স্বাগত জানায় সংগীতপ্রিয় কলকাতার হাজারো দর্শক-শ্রোতা। উৎসবে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন আনুশেহ আনাদিল, শফি মণ্ডল, আকলিমা বাউল, রব ফকির, সুমি ও নজরুল ইসলাম। বাংলাদেশের শিল্পীরা পরিবেশন করেন লালনের গান।বাংলাদেশের শিল্পীদের সমবেত কণ্ঠে ‘মিলন হবে কত দিনে’ গানটি শেষ হওয়ার পর নিকো পার্কজুড়েই ছিল শুধু করতালি। এই গানের সময় মঞ্চে আসেন বিদেশের সুফি-সাধকেরাও। তাঁরাও বাংলাদেশের শিল্পীদের সঙ্গে লালনের গানে কণ্ঠ মেলান। বাংলাদেশের শিল্পীরা গেয়ে শোনান লালনের নয়টি গান।কলকাতায় এবারই প্রথম অনুষ্ঠিত হলো ‘সুফি সূত্র উৎসব’। শুক্রবার তিন দিনের এই উৎসব উদ্বোধন করেন অপর্ণা সেন। বাংলাদেশ ছাড়া এ উৎসবে আরও অংশ নিয়েছে মিসর, আফগানিস্তান, ইরান, সিরিয়া, তাজাকিস্তান ও ভারত। গান শেষে আনুশেহ আনাদিল প্রথম আলোকে বলেন, ‘আমরা দারুণ খুশি। কলকাতার সংগীতপ্রিয় মানুষজন আমাদের গান শুনে খুশি হয়েছেন, এর চেয়ে বড় পুরস্কার আর কী হতে পারে! কলকাতার নিকো পার্কের এই দর্শক-শ্রোতাদের কথা চিরদিন মনে থাকবে।’উৎসবের অন্যতম আয়োজক পণ্ডিত তন্ময় বোস।সুফি সূত্র উৎসব আয়োজন করেছে বাংলা নাটক ডটকম। সহযোগিতা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য পর্যটন দপ্তর।