সুফিয়া কামালের জন্মদিনে অসাম্প্রদায়িক সমাজ গড়ার আন্দোলনের সংকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ের জন্মদিনে একত্র হয়েছিলেন সন্তানেরা। তাঁদের কেউ রক্তের সঙ্গে সম্পর্কিত, কারও সম্পর্ক আত্মার সঙ্গে, আদর্শের সঙ্গে। জননী সাহসিকা, দেশের নারী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব কবি সুফিয়া কামালের ১০২তম জন্মদিনের অনুষ্ঠানে তাঁরা গতকাল বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমবেত হয়েছিলেন। সেখানে তাঁর আদর্শ অনুসরণ করে দেশে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের আন্দোলন চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেন তাঁরা। কবি সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন জন্ম গ্রহণ করেন।
বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটি তাদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালের জন্মদিন উপলক্ষে বরাবরের মতোই স্মারক বক্তৃতা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের সময় ছিল বিকেল চারটা। অনুষ্ঠানে ‘সাঁঝের মায়া ট্রাস্ট’-এর পক্ষে কবির মেয়ে সুলতানা কামাল, সাঈদা কামালসহ পরিবারের সদস্যরাও অংশ নেন।
অনুষ্ঠানে ‘মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলন এবং সুফিয়া কামাল’ শীর্ষক স্মারক বক্তৃতা দেন অধ্যাপক আবুল আহসান চৌধুরী। অধ্যাপক আনিসুজ্জামানকে কবি সুফিয়া কামাল সম্মাননা দেওয়া হয়। সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি আয়শা খানম। স্বাগত বক্তৃতা দেন পরিষদের সম্পাদক মালেকা বানু। সঞ্চালনা করেন রাখী দাশ পুরকায়স্থ। অনুষ্ঠানের শুরুতে সুফিয়া কামালের ‘কবির ঘর’ কবিতাটি আবৃত্তি করেন লায়লা আফরোজ।

স্মারক বক্তৃতায় আবুল আহসান চৌধুরী বলেন, ‘নারী মুক্তি মানেই মানব মুক্তি’ এই ছিল সুফিয়া কামালের জীবনের বীজমন্ত্র। তিনি নিজেকে মেলে ধরেছিলেন সমাজের বিবেক হিসেবে। সামাজিক সাম্য, মানবাধিকার, ন্যায়বিচার, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সব ধর্মের স্বাধীনতার ওপর বরাবরই জোর দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা এক ক্রান্তিকাল পার হচ্ছি। মৌলবাদ ও সাম্প্রদায়িকতা নতুন শক্তি ও কদর্য রূপ নিয়ে আমাদের সামনে হাজির। মানবতা-গণতন্ত্র-স্বাধীনতা বিপন্ন, লাঞ্ছিত। তাই নতুন লড়াইয়ের ডাক এসেছে। এই সংগ্রামে তাঁর শক্তি ও সাহস প্রেরণা জোগাবে।’

স্মারক বক্তৃতার পর আনিসুজ্জামানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আয়শা খানম। আনিসুজ্জামান বলেন, ‘কবি সুফিয়া কামাল সমাজ ও সংস্কৃতি বিনির্মাণে অনেক বড় ভূমিকা পালন করেছেন। কবির নামাঙ্কিত এই সম্মাননাও আমার জন্য অনেক বড় গৌরবের।’ তিনি বলেন, ‘বেগম রোকেয়া যেমন বলেছেন নিজের মুক্তির জন্য প্রয়োজন সমাজের মুক্তি। সুফিয়া কামাল তেমনি সমাজের মুক্তির মধ্যেই নিজের মুক্তি খুঁজেছেন। যে পথ তিনি দেখিয়েছেন, সেই পথ অনুসরণীয়।’

আয়শা খানম বলেন, ‘তাঁর জন্মদিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা একত্র হই। শক্তি ও সাহস সঞ্চয় করি। আজ যে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, তাকে প্রতিহত করতে কবি সুফিয়া কামালের আদর্শ আমাদের পাথেয় হয়ে থাকবে।’ দ্বিতীয় পর্বে সংগীত পরিবেশন করেন ইফফাত আরা দেওয়ান, বুলবুল ইসলাম ও শারমিন সাথী ইসলাম। আবৃত্তি করেন আ স ম হাবিবুর রহমান।