
মাথায় ঘোমটা টানা। কপালের সম্মুখভাগের সিঁথির খানিকটা অংশ দেখা যাচ্ছে। কালো মোটা ফ্রেমের চশমার আড়ালে আপন মানুষের মতো দুটি চোখ। এই ছবি বাংলার আপামর মানুষের চেনা কবি সুফিয়া কামালের। তাঁকে আম্মা, খালাম্মা, আপা অথবা নানি বলে সম্বোধন করে বাংলার মানুষ।
গতকাল শুক্রবার ছিল তাঁর প্রয়াণ দিবস। দিনটিতে তাঁর অবদান স্মরণ করে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল ছায়ানট সংগীত বিদ্যায়তন। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি সুফিয়া কামালের মৃত্যুর পর থেকে নিয়মিত এই আয়োজন হয়ে আসছে। গতকালের এই আয়োজনে সুফিয়া কামাল স্মারক বক্তৃতা দেন মহিলা পরিষদের সভানেত্রী আয়শা খানম। কবিকে নিয়ে লেখা দীর্ঘ প্রবন্ধের সংক্ষিপ্ত অংশে তিনি অতিথিদের শোনান সুফিয়া কামালের জীবনের গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য সব ঘটনা। স্মারক বক্তৃতার পর ধন্যবাদ জ্ঞাপন করেন ছায়ানটের সহসভাপতি সারওয়ার আলী। বলেন, ‘আমাদের বিবেচনায় তিনি শ্রেষ্ঠ মানবাধিকারকর্মী।’
অনুষ্ঠানের শুরুতে সম্মেলক গান ‘আপন কাজে অচল হলে’সহ বেশ কয়েকটি গান শোনান ছায়ানটের শিল্পীরা। একক কণ্ঠে সুমন চৌধুরী শোনান ‘ওই মহাসিন্ধুর ওপার হতে’, অদিতি মহসিন শোনান ‘আজি তোমার কাছে’ গানগুলো। সুফিয়া কামালকে স্মরণ করে আরও বেশ কয়েকটি গান শোনান ছায়ানটের শিল্পীরা।