সুফিয়া কামাল সংস্কৃতির পথনির্দেশনা দিয়েছিলেন
শুক্রবার পড়ন্ত বিকেল। ছায়ানট ভবনের প্রবেশমুখেই অগ্রণী নারীনেত্রী, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অকুতোভয় সৈনিক কবি সুফিয়া কামালের ফ্রেমে বাঁধানো কবির বিশাল প্রতিকৃতি। তার সামনে মোমের আলো জ্বালিয়ে, পুষ্পার্ঘ্য নিবেদন করে জানানো হলো শ্রদ্ধা।কবি সুফিয়া কামালের জন্মশতবার্ষিকী ২০ জুন। ছায়ানটের জন্মলগ্ন থেকে আমৃত্যু তিনি ছিলেন সভাপতি। ছায়ানটের সব সংগ্রাম, আনন্দ ও বেদনায় ছিলেন পরম আশ্রয়। জন্মবার্ষিকী উপলক্ষে ছায়ানট গতকাল থেকে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।গতকাল সন্ধ্যায় প্রথম দিনের অনুষ্ঠানের শুরুতে সুফিয়া কামালকে স্মরণ করে সন্জীদা খাতুন বলেন, সুফিয়া কামাল ছিলেন সর্বাঙ্গসুন্দর খাঁটি মানুষ। এ জন্যই বাঙালিকে যথাযথ পথনির্দেশনা দিতে পেরেছেন। তিনি জানতেন নিজ সংস্কৃতির গৌরবময় ঐতিহ্য আত্মস্থ করার পর বিশ্ব সংস্কৃতিকে জানলে তার প্রকৃত মর্ম উপলব্ধি করা যায়। সুফিয়া কামাল নানা দিক থেকেই আমাদের জন্য অনুকরণীয়। তাঁর কবিজীবন, কর্মীজীবন, নেতৃত্বের জীবন—সবকিছুই আমাদের আদর্শ হতে পারে।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পরিবেশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শ্রাবণগাথা। এতে রাজার ভূমিকায় সৈয়দ হাসান ইমাম, নটরাজের ভূমিকায় ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও সভাকবির ভূমিকায় জয়ন্ত রায় অংশ নিয়েছেন। গানে ছিলেন ইফ্ফাত আরা দেওয়ান, অদিতি মহসিন, ইলোরা আহমেদ, সিফায়েতউল্লাহ, সত্যম কুমার দেবনাথ, আজিজুর রহমান, তানজীনা পারভীন, সেঁজুতি বড়ুয়া, এ টি এম জাহাঙ্গীর, নির্ঝর চৌধুরী ও সৈকত মুখার্জি। পাঠে ছিলেন সুমনা বিশ্বাস। নৃত্যে শর্মিলা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া রশীদ, সামিনা হোসেন, অর্ণ কমলিকা, অর্পিতা সোম এবং ছায়ানটের শিক্ষার্থী শিল্পীরা। আজ দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাতটায়। এ দিনের আয়োজনে থাকছে সুফিয়া কামালের আত্মজীবনী ও গদ্য-রচনা থেকে পাঠ, তাঁকে উৎসর্গ করে গান এবং শেষে তাঁর জীবনের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন।