সুফিয়া কামাল স্মরণে...

আজ সোমবার সুফিয়া কামালের ১০৫তম জন্মবার্ষিকী। নারীমুক্তি, সামাজিক-সাংস্কৃতিক ও গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন এই নারী। তাঁকে স্মরণ করে আজ ছায়ানট ও বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজন করেছে অনুষ্ঠান।
ছায়ানটের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে আজ বেলা ১১টায় স্মরণ করা হবে কবি সুফিয়া কামালকে। একক ও সম্মেলক গান, পাঠ, আবৃত্তি ও কথা দিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠান।
বাংলাদেশ মহিলা পরিষদের অনুষ্ঠানটি হবে সকাল ১০টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে। এ বছর সুফিয়া কামাল সম্মাননা পদক পাচ্ছেন অধ্যাপক হাসান আজিজুল হক। ‘সুফিয়া কামাল ও একুশ শতকের নারী আন্দোলন’ স্মারক বক্তৃতা দেবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন। কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে সংগীত পরিবেশন করবেন দেশের বিশিষ্ট শিল্পীরা।