সুফিয়া কামালের জন্মদিনে কাইয়ুম চৌধুরীকে সম্মাননা
পড়ন্ত বিকেল। কবি সুফিয়া কামালের বিশাল প্রতিকৃতির সামনে মোমের আলো জ্বালিয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হলো। তারপর মিলনায়তনে আসন গ্রহণ করলেন সবাই। উপস্থিত ছিলেন কবি সুফিয়া কামালের মেয়ে সুলতানা কামাল, লেখক সৈয়দ শামসুল হকসহ বিশিষ্ট ব্যক্তিরা।গতকাল রোববার ২০ জুন ছিল কবি সুফিয়া কামালের ৯৯তম জন্মদিন। এ উপলক্ষেই বাংলাদেশ মহিলা পরিষদ বিকেলে রাজধানীর বিয়াম মিলনায়তনে স্মারক বক্তৃতা ও সুফিয়া কামাল সম্মাননা ২০১০ জানানোর আয়োজন করে। এর সঙ্গে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সুফিয়া কামাল। তাই বেশ জাঁকজমকের সঙ্গেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।আয়েশা খানমের সভাপতিত্বে স্মারক বক্তৃতা পাঠ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক। বিষয় ছিল ‘উপমহাদেশের নারী আন্দোলন ও সুফিয়া কামাল’।মফিদুল হক তাঁর প্রবন্ধে সুফিয়া কামালের জন্ম থেকে শৈশব, বিবাহিত জীবন ও নারীমুক্তি আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন। সেই সঙ্গে মানবসমাজের উন্নয়নে তাঁর নানা কর্মকাণ্ডের কথা তুলে ধরাসহ সাহিত্যকর্মেরও মূল্যায়ন করেন প্রবন্ধকার।এরপর বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে ২০১০ সালের জন্য বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরীকে সম্মাননা জানানো হয়। সংগঠনের সভাপতি আয়েশা খানম কাইয়ুম চৌধুরীকে উত্তরীয় পরিয়ে দেন এবং তাঁর হাতে সম্মাননা পদক তুলে দেন।কাইয়ুম চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, ‘সুফিয়া কামালের মতো ব্যক্তিত্বের নামাঙ্কিত যে সম্মাননা আমাকে জানানো হলো, জানি না আমি এর উপযুক্ত কি না। তবে আমি আবেগাপ্লুত।’ তিনি বলেন, সুফিয়া কামাল ক্ষমতাবলয়ের বাইরে থেকে যে আদর্শ ও মুক্তচিন্তা আমাদের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছেন, তা এক কথায় অসাধারণ।’অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু। কাইয়ুম চৌধুরীর পরিচিতি উপস্থাপন করেন রাখী দাশ পুরকায়স্থ। স্মারক বক্তব্য ও সম্মাননা পর্বের শেষে হয় কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কবি সুফিয়া কামালের অমৃত কন্যা পাঠ করেন আনু, ঝর্না, শান্তা ও সাবিনা।এরপর সংগীত পরিবেশন করেন শিল্পীরা।ছায়ানট: গতকাল সন্ধ্যায় ছায়ানট কবি সুফিয়া কামালের জন্মদিন উপলক্ষে আলোচনা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে। সন্ধ্যায় ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানে আলোচনা করেন সারওয়ার আলী। সংগীত পরিবেশন করেন শিল্পী ইফ্ফাত আরা দেওয়ান, মিতা হক, অদিতি মহসিন, লাইসা আহমেদ ও আজিজুর রহমান।বিশ্ব সংগীত দিবসের অনুষ্ঠান ‘সংগীত স্বজন এসো মিলি সুরের বাঁধনে’ স্লোগান নিয়ে আজ সোমবার পালিত হচ্ছে বিশ্ব সংগীত দিবস। বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ ও শিল্পকলা একাডেমী যৌথভাবে এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে।বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রবীণ শিল্পী সোহ্রাব হোসেন। সভাপতিত্ব করবেন তপন মাহমুদ, ঘোষণাপত্র পাঠ করবেন বিশ্বজিৎ ঘোষ। এখানে প্রয়াত শিল্পীদের স্মরণ করে শোকপ্রস্তাব পাঠ করা হবে। এ ছাড়া থাকবে রাখিবন্ধন ও সম্মেলক গান। এরপর শহীদ মিনার থেকে শিল্পী ও সংগীতানুরাগীদের নিয়ে বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। শিল্পকলা একাডেমীতে গিয়ে শোভাযাত্রাটি শেষ হবে। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে একাডেমীর জাতীয় নাট্যশালায় শুরু হবে আলোচনা ও সংগীতানুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করবেন একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী।নৃত্যাঞ্চলের ছৌ-নৃত্যনৃত্যসংগঠন নৃত্যাঞ্চলের আয়োজনে আজ সোমবার শিশু একাডেমীর মিলনায়তনে হবে ছৌ-নৃত্যসন্ধ্যা। নৃত্যাঞ্চল ৬ থেকে ২০ জুন পর্যন্ত দিল্লির নৃত্যশিক্ষক স্বপন মজুমদারের পরিচালনায় ছৌ-নৃত্য বিষয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিল। প্রশিক্ষণ শিবির শেষে এই নৃত্যসন্ধ্যার আয়োজন করা হয়েছে। এতে নৃত্য পরিবেশন করবেন স্বপন মজুমদার ও সুচিতা মজুমদার। এ ছাড়া প্রশিক্ষণ শিবিরে অংশ নেওয়া শিল্পীরা পরিবেশন করবেন একটি বিশেষ নৃত্যালেখ্য।তুমি যেয়ো নাশিল্পী ইফ্ফাত আরা দেওয়ানের গাওয়া রবীন্দ্রসংগীতের নতুন সিডি তুমি যেয়ো নার প্রকাশনা অনুষ্ঠান হবে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় বেঙ্গল গ্যালারিতে। বেঙ্গল ফাউন্ডেশন থেকে প্রকাশিত এই সিডির মোড়ক উন্মোচন করবেন মাসিক সাহিত্যপত্রিকা কালি ও কলম-এর সম্পাদক আবুল হাসনাত। অনুষ্ঠানে শিল্পী সিডির গানগুলো গেয়ে শোনাবেন।