সুফিয়া কামালের জন্মদিনে ছায়ানটের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুফিয়া কামালের জন্মদিনে গাইছেন ইফফাত আরা দেওয়ান
সুফিয়া কামালের জন্মদিনে গাইছেন ইফফাত আরা দেওয়ান

সাধারণ পোশাকের অল্প কয়েকজন মানুষ রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে এসে বসে ছিলেন। সামনে জননী সাহসিকা কবি সুফিয়া কামালের একটি মায়াময় ছবি। তাঁর ১০৫তম জন্মদিন উদ্‌যাপনে অনাড়ম্বর এক আয়োজন করেছে ছায়ানট। দেশের সংস্কৃতি বিকাশে এই প্রতিষ্ঠানের গোড়াপত্তনে তিনিও ছিলেন। তাঁকে স্মরণ করে গান, কবিতায় খানিকটা সময় কাটাতেই এ আয়োজন।

সম্মিলিত কণ্ঠে ‘ভুবন জোড়া আসন খানি’ গেয়ে আজ সোমবার কবির জন্মদিনের সকাল শুরু হয়। এরপর একে একে এসে গান করেন শিল্পীরা। নিজেদের নাম উচ্চারণ করেননি কেউ, ছিলেন না কোনো অনুষ্ঠান সঞ্চালক। ছায়ানটের কার্যকরী সংসদের সদস্য আ ফ ম সাইফুদ্দৌলা সামনে এসে শুধু বললেন, ‘আজ এক বিশেষ দিন। বাংলাদেশের অনন্য এক কবির আজ জন্মদিন।’ তাঁর সংক্ষিপ্ত কথাগুলো শুরুর আগেই যেন শেষ হয়ে গিয়েছিল। ঠিক পরেই শিল্পী নাঈমা নাজকে গাইতে শোনা যায় ‘শুধু তোমার বাণী নয়গো হে বন্ধু হে প্রিয়’ গানটি।
অনুষ্ঠানে গান করেন নাসিমা শাহীন, সুমন মজুমদার, ইলোরা আহমেদ, ইফফাত আরা দেওয়ান ও বিমান চন্দ্র বিশ্বাস। মাহমুদা আখতার আবৃত্তি করে শোনান সুফিয়া কামালের ‘হোক সবে মহীয়সী’ কবিতাটি। কবির ‘একাত্তরের ডায়েরি’র চারটি তারিখ থেকে পড়ে শোনান আবদুস সবুর খান চৌধুরী।
ছায়ানট আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সহসভাপতি নুরুন্নাহার আবেদীন।