সুফিয়া কামালের জন্মশত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রগতিশীল আন্দোলন হয়েছে, আর তিনি নেই তেমনটি কখনোই হয়নি। সংবিধান সংশোধনের নামে গোঁজামিল দেওয়ার সময়টিতে জননী সাহসিকা কবি সুফিয়া কামালের প্রয়োজন ছিল সবচেয়ে জরুরি। গতকাল শনিবার কবি সুফিয়া কামালের জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত মুক্তিযুদ্ধ জাদুঘরের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী এ কথা বলেন।সারওয়ার আলী বলেন, ছোটখাটো ফরসা গড়নের মানুষটি থাকতেন মিছিলের সামনে। তিনি ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘর তৈরিরও অনুপ্রেরণা। অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখতেন তিনি। কিন্তু সে স্বপ্ন এখনো পূরণ হয়নি।মূল আলোচনায় অধ্যাপক হায়াৎ মামুদ বলেন, ‘আমাদের খালাম্মা সংকটকালেও নীতির প্রশ্নে আপস করেননি। এক জনসভায় আইয়ুব খান বাঙালিদের জন্তু বললেন, আর সুফিয়া কামাল দাঁড়িয়ে আইয়ুব খানকে বললেন, আপনি তাদের রাজা। এ ধরনের সাহসী ব্যক্তিত্বকে বোঝা দরকার।’হায়াৎ মামুদ আরও বলেন, ‘সুফিয়া কামাল আত্মসচেতন ছিলেন। বাড়িতে বাংলা শেখার সুযোগ না থাকলেও ভেতরকার দায় থেকেই তিনি বাংলা শেখার তাগিদ অনুভব করেন। তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ হয়নি। কিন্তু শুধু বিশ্ববিদ্যালয়ে পড়লেই শিক্ষিত হওয়া যায় না, তার প্রমাণ ছিলেন সুফিয়া কামাল।’সুফিয়া কামালের পরিবারের পক্ষ থেকে তাঁর মেয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, ‘মেয়ে হয়ে এটুকু বলতে পারি, সুফিয়া কামালের ব্যাপ্তি, গভীরতা সম্পর্কে চট করে মন্তব্য করা সহজ কাজ নয়। তাঁকে বুঝতে হলে গবেষণা করা প্রয়োজন, যা এখনো শুরু হয়নি।’আলোচনা শেষে সাংস্কৃতিক কর্মীরা সুফিয়া কামালের কবিতা আবৃত্তি করেন এবং সুফিয়া কামালের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর জন্য গান পরিবেশন করেন।