সুফিয়া কামালের জন্মশতবর্ষে তিন দিনের উৎসব
গতকাল ২০ জুন ছিল বেগম সুফিয়া কামালের শততম জন্মবার্ষিকী। তাঁর জন্মশতবর্ষ উদ্যাপন করার জন্য আয়োজন করা হয়েছে তিন দিনের উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গে এ উৎসব আয়োজন করেছে সুফিয়া কামাল জন্মশতবর্ষ উদ্যাপন পর্ষদ। জাতীয় নাট্যশালায় উৎসব শুরু হচ্ছে আজ মঙ্গলবার। আয়োজকদের কাছ থেকে জানা গেছে, সন্ধ্যা সাতটায় হবে আলোচনা। এরপর থাকবে কবির জীবন ও কর্মভিত্তিক গ্রন্থনা এবং নির্বাচিত গান ও নাচের পরিবেশনা নিয়ে গীতিআলেখ্য মাগো আশীষ দাও। এর গ্রন্থনা করেছেন কামাল লোহানী এবং সংগীত পরিচালনা করেছেন অজিত রায়। আর কোরিওগ্রাফি করেছেন কবিরুল ইসলাম। কাল বুধবার ও পরশু বৃহস্পতিবার একই মিলনায়তনে একই সময়ে শুরু হবে অনুষ্ঠান। শুরুতে থাকবে আলোচনা। এরপর আবৃত্তি ও গান। শেষ দিন আরও থাকবে বাদল রহমান পরিচালিত প্রামাণ্যচিত্র আকৈশোর চিত্র সংঘমিত্রা বেগম সুফিয়া কামাল-এর প্রদর্শনী। জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে আয়োজিত উৎসবের অনুষ্ঠানগুলো সবার জন্য উন্মুক্ত।