সুফিয়া কামালের জন্মশতবর্ষে ‘তাঁর দীর্ঘ ছায়ায়’
কবি সুফিয়া কামালের জন্মশতবর্ষ উপলক্ষে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজন করেছে পাঁচ দিনব্যাপী উৎসব ‘তাঁর দীর্ঘ ছায়ায়’। আজ শুক্রবার বিকেলে এ অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান।গতকাল বৃহস্পতিবার দুপুরে বেঙ্গল ক্যাফেতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসব সম্পর্কে বিস্তারিত জানান বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন কবি সুফিয়া কামালের দুই মেয়ে সুলতানা কামাল, সাঈদা কামাল ও একমাত্র ছেলে সাজেদ কামাল, বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালক সুবীর চৌধুরী ও সারোয়ার জাহান।সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবে পাঁচ দিনব্যাপী বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে ১৯ ও ২০ জুন কবির বাসভবনে অনুষ্ঠিত আর্ট ক্যাম্পে আঁকা ১৩ জন শিল্পীর ১৩টি চিত্রকর্ম, কবির ব্যবহূত আসবাবপত্র, চিঠিপত্র, সংগ্রহে থাকা শিল্পাচার্য জয়নুল আবেদিনের ট্রামের টিকিটের ওপর আঁকা ২৩টি রেখাচিত্র এবং নাট্যজন আলী যাকেরের তোলা নয়টি আলোকচিত্র প্রদর্শিত হবে। এ ছাড়া সাঈদা কামালের ১৮টি জলরঙের ছবি ও সাজেদ কামালের ৫০টি আলোকচিত্র থাকবে।উৎসবের অংশ হিসেবে ‘তাঁর দীর্ঘ ছায়ায়’ শীর্ষক একটি ছবির অ্যালবামও জাগো, রে অন্তর, জাগো শিরোনামে কবির প্রিয় গানের একটি অ্যালবাম প্রকাশ হবে। এ ছাড়া ২৭ ও ২৮ জুন সন্ধ্যায় কবির প্রিয় গান পরিবেশন করবেন দেশের বরেণ্য শিল্পীরা।