সুফিয়া কামালের জন্মশতবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সাংস্কৃতিক ও নারী জাগরণের আন্দোলনে, সামাজিক ন্যায় ও মানবিক অধিকার প্রতিষ্ঠায় সুফিয়া কামাল আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তাঁর জন্মশতবার্ষিকী ছিল গত ২০ জুন। এ উপলক্ষে বাংলা একাডেমী ১৪ ও ১৫ জুলাই দুই দিনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।একাডেমীর সেমিনারকক্ষে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার। বিশেষ অতিথি ছিলেন কবিকন্যা সুলতানা কামাল। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করেন অধ্যাপক কবীর চৌধুরী।এ কে খন্দকার বলেন, পাকিস্তান আমলে আইয়ুব খানের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের প্রতিবাদে তিনি যেমন ছিলেন সোচ্চার, তেমনি স্বাধীন বাংলাদেশে ঘাতক-দালাল নির্মূল কমিটির আন্দোলনের মধ্য দিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলন সংঘটিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।স্বাগত ভাষণে শামসুজ্জামান খান বলেন, নারীমুক্তি আন্দোলন, সাংস্কৃতিক সংগ্রাম, সাহিত্যচর্চা—সবকিছুর মধ্য দিয়ে সুফিয়া কামাল গোটা জাতির অভিভাবকরূপে অধিষ্ঠিত হয়েছিলেন।সুলতানা কামাল বলেন, সাধারণ মানুষের অত্যন্ত কাছের মানুষ ছিলেন সুফিয়া কামাল। জীবন যাপনের সারল্যের মধ্য দিয়ে তিনি মানুষের কাছে পৌঁছেছিলেন।কবীর চৌধুরী বলেন, জন্মশতবর্ষে সুফিয়া কামাল নতুনরূপে উদ্ভাসিত হচ্ছেন। মুক্তবুদ্ধি, ধর্মনিরপেক্ষতা ও সামাজিক সাম্য প্রতিষ্ঠায় তিনি ছিলেন আপসহীন। তিনি বাঙালির চির প্রেরণার উৎস হয়ে থাকবেন।অধিবেশনে সুফিয়া কামালের প্রিয় রবীন্দ্রসংগীত ‘আমারে তুমি অশেষ করেছ’ এবং ‘মধুর তোমার শেষ যে না পাই’ পরিবেশন করেন শিল্পী ফাহিমদা খাতুন।বিকেলের প্রথম অধিবেশনে ‘বেগম সুফিয়া কামালের কবিতা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সিদ্দিকা মাহমুদা। আলোচনায় অংশ নেন কবি আসাদ চৌধুরী, অনুবাদক-প্রাবন্ধিক কবিপুত্র সাজেদ কামাল ও তারেক রেজা। সভাপতিত্ব করেন কবি সৈয়দ শামসুল হক।দ্বিতীয় অধিবেশনে ‘কবির স্মৃতিকথা ও ডায়েরি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক মফিদুল হক। আলোচনায় অংশ নেন অধ্যাপক আবুল আহসান চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক মালেকা বেগম। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন নাট্যব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায় ও কেয়া চৌধুরী। এই অধিবেশনে সভাপতিত্ব করেন সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান।পরদিন শুক্রবার বিকেলে ‘বাংলাদেশ প্রতিষ্ঠার সাংস্কৃতিক সংগ্রাম ও বেগম সুফিয়া কামাল’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কাজল বন্দ্যোপাধ্যায়। আলোচনায় অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, সারওয়ার আলী ও আবেদ খান। এই অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক রফিকুল ইসলাম।সন্ধ্যায় সমাপনী অধিবেশনে ‘মানুষ বেগম সুফিয়া কামাল’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন নার্গিস জাফর। আলোচনায় অংশ নেন আতিকুল হক চৌধুরী, হাশেম খান, মাহফুজা খানম ও বেবী মওদুদ। এই অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক আনিসুজ্জামান।