সুফিয়া কামালের স্মৃতি জাগানিয়া প্রদর্শনী
খাটের পাশে টেলিফোন সেট, পানের বাটা। পর্দাটা একটু পর পর নড়ছে। পোশাক-পরিচ্ছদ, ল্যাম্প, কাঁচি, সোফা। ফ্রেমে বাঁধানো ছবি। সবকিছু ঠিক আছে, শুধু ছবির ওই মানুষটি নেই। তবে তিনি ছিলেন গতকাল শুক্রবার দিনের শেষ বেলায় ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে আসা শত শত অনুরাগীর মননে। গ্যালারি সাজানো হয়েছিল তাঁরই স্মৃতিবাহী নানা সামগ্রী দিয়ে।কবি সুফিয়া কামালের জন্মশতবর্ষ ছিল ২০ জুন। দিনটি স্মরণ রেখে গতকাল বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে ‘তাঁর দীর্ঘ ছায়ায়’ শীর্ষক বিশেষ প্রদর্শনী। বিকেলে এই প্রদর্শনীর উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। আলোচনায় অংশ নেন কবির ছোট মেয়ে শিল্পী সাঈদা কামাল। বড় মেয়ে সুলতানা কামাল পরিবারের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। স্বাগত বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে শিল্পী মিতা হকের নেতৃত্বে সুরতীর্থের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।বেঙ্গল শিল্পালয়ে প্রবেশ করতেই চোখের সামনে ভেসে এল একটি আলোকচিত্র। হাস্যোজ্জ্বল মুখে দূরের দিকে চেয়ে আছেন তিনি, জননী সাহসিকা সুফিয়া কামাল। এই ছবির পাশেই আরও আটটি ছবি। কোনোটিতে তিনি চিন্তিত, আবার কোনোটিতে বাচ্চাদের সঙ্গে খেলছেন। শিশুর মতো স্বভাবের কবির এই নয়টি ছবি তুলেছেন নাট্যজন আলী যাকের।শুধু দুর্লভ এসব ছবিই নয়। এর সঙ্গে পুত্র সাজেদ কামালের ক্যামেরাবন্দী ৫০টি আলোকচিত্রও স্থান পেয়েছে বেঙ্গল শিল্পালয়ে। আরও আছে ছোট মেয়ে সাঈদা কামালের জলরঙের ছবি। প্রদর্শনীর বিশেষ আর্কষণ কবির ব্যবহূত আসবাবপত্র এবং তাঁকে উপহার দেওয়া শিল্পাচার্য জয়নুল আবেদিনের ট্রামের টিকিটে আঁকা ড্রয়িং। রয়েছে তাঁকে নিয়ে সদ্য সমাপ্ত ধানমন্ডির সাঁঝের মায়ায় আর্ট ক্যাম্পে আঁকা দেশবরণ্যে শিল্পীদের চিত্রকর্ম। শিল্পীদের মধ্যে রয়েছেন কাইয়ুম চৌধুরী, মুস্তাফা মনোয়ার, সমরজিৎ রায়চৌধুরী, সৈয়দ জাহাঙ্গীর, হাশেম খান, রফিকুন নবী, মুনিরুল ইসলাম, মাহমুদুল হক, শহীদ কবির, আবুল বারক আলভী, ফরিদা জামান, রোকেয়া সুলতানা, কনকচাঁপা চাকমা ও ইফফাত আরা দেওয়ান।প্রদর্শনী ২৮ জুন পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে। এই আয়োজনের অংশ হিসেবে বেঙ্গল ফাউন্ডেশন কবি সুফিয়া কামালের ছবির অ্যালবাম ও ‘জাগো রে অন্তর জাগো’ নামে তাঁর প্রিয় গানের অ্যালবাম প্রকাশ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে এই অ্যালবাম দুটিরও মোড়ক উন্মোচন করা হয়। কচি-কাঁচার মেলার আয়োজন ‘সুফিয়া কামাল কোনো কিছুতেই আপস করতেন না। মানবতাবোধই ছিল তাঁর সম্বল। তাঁকে অনেকে খালাম্মা বা মা ডাকলেও তিনি সবাইকেই সমান দৃষ্টিতে দেখতেন। সাহসী এই মানুষটি বাঙালিদের জন্তু-জানোয়ার বলায় আইয়ুব খানকে জন্তু-জানোয়ারদের প্রেসিডেন্ট বলে পাল্টা জবাব দিয়েছিলেন। আজকে এই মানুষটির বড় প্রয়োজন।’কবি সুফিয়া কামালের শততম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এভাবেই কবির স্মৃতিচারণা করেন। আলোচনার পাশাপাশি চিত্রাঙ্কন, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কবিকে স্মরণ করল কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা। রাজধানীর সেগুনবাগিচায় মেলা ভবনে এই অনুষ্ঠান হয়। বিকেলে অনুষ্ঠানের সভাপতি ও মেলার পরিচালক খোন্দকার ইব্রাহিম খালেদের সভাপতিত্বে সভায় অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, বাংলাদেশ মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফওজিয়া মোসলেম।