সুবচন নাট্য সংসদের ৩৪ বছর
বাংলাদেশের প্রথম সারির নাটকের দল সুবচন নাট্য সংসদ আগামীকাল শুক্রবার ৭ জানুয়ারি ৩৪ বছর পূর্ণ করতে যাচ্ছে। দলটি এদিন জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে এক দিনের অনুষ্ঠানমালার আয়োজন করছে। সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠান শুরু হবে, চলবে রাত ১০টা পর্যন্ত। অনুষ্ঠানের শুরুতেই থাকছে দলের মহাজনের নাও, নরমেধ, খানদানী কিস্সা, রাষ্ট্র বনাম, বাংলা গাধা, ১৯৭১সহ দলের প্রায় ১২টি নাটকের গান থেকে নিয়ে কোলাজ করে একটি নাটকের গানের পর্ব। গান পরিবেশন করবেন দলের নতুন-পুরোনো নাট্যকর্মীরা। মাঝেমধ্যে থাকবে দলের পুরোনো কর্মীদের স্মৃতিচারণা। শেষে থাকবে দলের নতুন প্রযোজনা দ্য ম্যাড নাটকটি। এটি রচনা ও পরিচালনা করেছেন আসাদুল ইসলাম আসাদ। দলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর মুখে দাঁড়িয়ে দলের প্রধান সমন্বয়ক আহাম্মদ গিয়াস বলেন, ‘আমরা দিনটিকে একটু অন্যভাবে পালন করি। দলের নতুন-পুরোনো নাট্যকর্মীরা একসঙ্গে মিলিত হই। বিগত দিনের কাজ নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে আগামী দিনের কাজ নিয়ে সম্মিলিতভাবে পদক্ষেপ নেওয়া হয়।’ তিনি দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে অগণিত দর্শককে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমি মনে করি, দলের প্রধান পৃষ্ঠোপোষক হলেন অগণিত দর্শক। তাঁদের কারণেই আমরা আজ এ পর্যন্ত আসতে পেরেছি। তাই দর্শকের প্রতি রইল অকৃত্রিম শ্রদ্ধা।’