সুবর্ণ সেই আলোর রেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সুবর্ণ সেই আলোর রেখা’ আবৃত্তির আসরে মাহিদুল ইসলাম ও শিমুল মুস্তাফা
‘সুবর্ণ সেই আলোর রেখা’ আবৃত্তির আসরে মাহিদুল ইসলাম ও শিমুল মুস্তাফা

জাতীয় নাট্যশালায় শুক্রবার ১৮ ডিসেম্বর ‘সুবর্ণ সেই আলোর রেখা’ নামের একক আবৃত্তির আসরে ছিলেন আবৃত্তিকার মাহিদুল ইসলাম। বিজয় দিবসকে উপলক্ষ করে ছুটির দিনের ওই সন্ধ্যায় আয়োজন করা হয়েছিল এই আবৃত্তি আসরের। আবৃত্তি অনুষ্ঠানে মাহিদুলের ভরাট কণ্ঠ আর বলার সহজ ছন্দ উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে। অনুষ্ঠানে নির্বাচিত কবিতার মধ্যে রবীন্দ্রনাথের কবিতা থেকে শুরু করে ছিল সুকান্ত এমনকি সমকালীন কবিদের লেখা কবিতাও।
আবৃত্তিমেলা ও স্বরচিত্রের আয়োজনে এই অনুষ্ঠানটির শুরু হয়েছিল কবি মাহবুবুল আলম চৌধুরীর লেখা ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতা দিয়ে। এরপর শিল্পী একে একে শোনান কবি নির্মলেন্দু গুণের কবিতা ‘আমি আজ কারও রক্ত চাইতে আসিনি’, আসাদ চৌধুরীর ‘শহীদদের প্রতি’, জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাঁশি’, কাজী নজরুল ইসলামের ‘আয়রে আবার আমার চির তিক্ত প্রাণ’, সুবোধ সরকারের ‘শাড়ী’, ভাস্কর চৌধুরীর ‘আমার বন্ধু নিরঞ্জন’, সুনীল গঙ্গোপাধ্যায়‘কবির মৃত্যু।
মাহিদুলের আবৃত্তিতে ‘সুবর্ণ সেই আলোর ​রেখা’ অনুষ্ঠানের সন্ধ্যায় কবি নাজিম হিকমতের ‘জেলখানার চিঠি’, সৈয়দ শামসুল হকের ‘নিজেকে ঠিক তোমার জন্য’, হেলাল হাফিজের ‘প্রস্থান’, দাউদ হায়দারের ‘সেই কথা বলা হলো না’, শামসুর রাহমানের ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ কবিতাগুলো যেন মূর্ত হয়ে উঠেছিল।
এর পর অনুষ্ঠানে মাহিদুল আবৃত্তি করেন সলিল চৌধুরীর ‘শপথ’, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর ‘বাতাসে লাশের গন্ধ’, সুকান্ত ভট্টাচার্যের ‘প্রিয়তমাসু’ ও হুমায়ুন আজাদের ‘শুভেচ্ছা’সহ মোট ৩৮টি কবিতা।
অনুষ্ঠানে যেমন ছিলেন সমকালীন অনেক শিল্পী, তেমনি শিমুল মুস্তাফার মতো খ্যাতিমান আবৃত্তিকার মঞ্চে এসে কণ্ঠ মিলিয়ে উৎসাহ দেন মাহিদুলকে। আবৃত্তি শুনতে আসা মিলনায়তন ভর্তি দর্শক-শ্রোতা শেষপর্যন্ত উপস্থিত থেকে আসরটিকে সার্থক করেছিলেন।