সুবর্ণজয়ন্তী নাট্যোৎসব
ঢাকার মঞ্চে একই দলের একই সঙ্গে দুটি নাটকের সুবর্ণজয়ন্তী উৎসব দেখা যায় না। তবে নাট্যতীর্থ সেই কাজটিই এবার করছে। এই দল চলতি দুটি নাটক নিয়ে সুবর্ণ নাট্যোৎসব পালন করছে। নাটক দুটি হলো দ্বীপ ও ঋষিকাব্য। দুটি নাটকেরই ২৫তম মঞ্চায়ন পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে দলটি সুবর্ণ নাট্যোৎসব নামে দুই দিনের উৎসব আয়োজন হাতে নিয়েছে। ‘রজক যোগ রজত সমান সুবর্ণজয়ন্তী’ স্লোগান নিয়ে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ৬ ও ৭ আগস্ট এই উৎসব অনুষ্ঠিত হবে। ৬ আগস্ট সন্ধ্যা সাড়ে ছয়টায় উৎসবটির উদ্বোধন করবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। আলোচনায় অংশ নেবেন গোলাম কুদ্দুছ, ঝুনা চৌধুরী ও বিপ্লব বালা। এদিন মঞ্চস্থ হবে উৎপল দত্তের দ্বীপ নাটকটি। আবদুল হালিম আজিজের লেখা ঋষিকাব্য মঞ্চস্থ হবে ৭ আগস্ট। দুটি নাটকেরই নির্দেশনা দিয়েছেন তপন হাফিজ। সুবর্ণজয়ন্তী উৎসব পালন প্রসঙ্গে দলের প্রধান তপন হাফিজ বলেন, ‘অনেক দিন আগে থেকেই ভাবনা ছিল যে একসঙ্গে দুটি নাটকেরই সুবর্ণজয়ন্তী উৎসব করব। এ জন্য দুটি নাটকই সমান গতিতে মঞ্চায়ন করে গেছি। এ জন্য অনেক কষ্টও করতে হয়েছে। কষ্ট করে হলেও শেষ পর্যন্ত আমরা সফলতার মুখ দেখতে পারছি এবং দুটি নাটক নিয়ে আমরা সুবর্ণজয়ন্তী উৎসব করতে যাচ্ছি। ফলে নিজের কাছে ভালো লাগা কাজ করছে।’