সুবর্ণজয়ন্তীর পথে রূপবতী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুবচন নাট্য সংসদের জনপ্রিয় প্রযোজনা রূপবতী নাটকটি অর্ধশততম মঞ্চায়নের পথে এগিয়ে চলেছে। ইতিমধ্যে নাটকটির ৪৪তম মঞ্চায়ন শেষ হয়েছে। ১০ এপ্রিল শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির ৪৫তম মঞ্চায়ন হবে। সুবচন নাট্য সংসদের প্রধান সম্পাদক আহাম্মদ গিয়াস বলেন, ‘ঢাকার মঞ্চে রূপবতী দর্শকের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। নাটকটির প্রতিটি প্রদর্শনীতেই আমরা দর্শকের বিপুল সাড়া পেয়েছি।’ কবে নাগাদ নাটকটির ৫০তম প্রদর্শনী পূর্ণ হবে, এ ব্যাপারে তিনি বলেন, ‘দলের প্রায় চারটি নাটক নিয়মিত মঞ্চস্থ হচ্ছে। সব নাটকই আমরা পর্যায়ক্রমে প্রদর্শন করি। আশা করছি, আগামী আগস্ট মাসের মধ্যেই রূপবতী নাটকটির ৫০তম প্রদর্শনী শেষ করে আনতে পারব।’ এদিকে দল সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস বিরতি দিয়ে ১০ এপ্রিল রূপবতী নাটকটির মঞ্চায়ন হতে যাচ্ছে। এ ব্যাপারে আহাম্মদ গিয়াস বলেন, ‘আমরা এরই মধ্যে দলের অন্য প্রযোজনা ক্ষুধিত পাষাণ, খানদানী কিস্সা ও ষড়ভুজ নাটক তিনটির মঞ্চায়ন করেছি। এবং পর্যায়ক্রমে রূপবতীর মঞ্চায়ন আসতে এ সময়টি লেগেছে।’পরাবাস্তব কাহিনি নিয়ে নাসরীন জাহানের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন খালেদ খান।