অনেকগুলো খুশির মুহূর্ত এসেছে অনন্যার জীবনে। সেই মুহূর্তগুলো থেকে বললেন দুটি গল্প। ‘রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের কাছ থেকে পুরস্কার নিচ্ছি। আবেগ হয়তো ধরে রাখা গিয়েছিল, কিন্তু হাসির মাত্রাটা ছিল বোধ হয় বেশি। এমন সম্মান যেকোনো কর্মের সেরা স্বীকৃতি। আবার যখন দেখছি যে আমার পাশেই রয়েছেন আমার আদর্শের মানুষ অমিতাভ বচ্চন, একই জায়গায় থেকে অমিতাভ বচ্চনের পাশাপাশি আমিও পুরস্কার গ্রহণ করছি! তাঁকে নমস্কার জানাতেই তিনি যে হাসিটা হাসলেন, উফ্, একসঙ্গে এত কিছু পেয়ে যাব, কে ভেবেছিল কবে!’ বলছিলেন ওপার বাংলার বড় ও ছোট পর্দার অভিনয়শিল্পী অনন্যা। সম্প্রতি তিনি ভারতের ৫৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন। ঋতুপর্ণ ঘোষের আবহমান ছবিতে অভিনয় করে অনন্যা পেয়েছেন এই স্বীকৃতি। ভারতীয় বাংলা টিভি চ্যানেল যাঁরা দেখেন, তাঁদের কাছে দারুণ প্রিয় একটি ধারাবাহিক নাটকসুবর্ণলতা। টিভি নাটকে কাজ করলেও অনন্যা বলেছেন, তৃপ্তির জায়গাটা হচ্ছে সিনেমা।মোবাইলে ফোন করতেই অনন্যা ধরলেন। ‘ওপাশে কে কথা বলছেন গো?’পরিচয় পেয়ে অনন্যা কুশল বিনিময় করলেন। কলকাতা শহরেই আছেন তিনি এখন। বললেন, ‘একটা শুটিংয়ে যাচ্ছি। কথা দ্রুত সেরে নিতে হবে। ঘড়ির কাঁটা ধরে শুটিং স্পটে উপস্থিত হয়ে আবার ঘড়ির কাঁটা ধরেই কাজ শেষ করে বাড়ি ফিরব।’ জানতে চাইলাম সেরা অভিনেত্রীর পুরস্কারপ্রাপ্তি প্রসঙ্গে। পুরো কৃতিত্ব পরিচালককে যেমন দিলেন, তেমনি ছবির প্রত্যেক শিল্পী ও কলাকুশলীরও অবদান কম নয় বলে জানালেন অনন্যা। তাঁর নিজের কথা জানতে চাইলে বললেন, ঋতুপর্ণ ঘোষ এমন একজন পরিচালক, যাঁর গল্প শুনে বোঝা যায়, তিনি কী বানাতে চাইছেন।পুরস্কারপ্রাপ্তির খবর পাওয়ার পর ধন্যবাদ জানাতে অনন্যা ঋতুর সঙ্গে সেদিন কম করে হলেও ৫০ বার ফোনে যোগাযোগের চেষ্টা করেছিলেন। কিন্তু নম্বরটি বন্ধ থাকায় মনে মনে ধন্যবাদ দিয়েছিলেন তাঁকে।অনন্যা সম্প্রতি ল্যাপটপ সিনেমার কাজ শেষ করেছেন। কৌশিক শঙ্করের পরিচালনায় এই ছবির কাজ শেষ করে তিনি অন্য একটি ছবির কাজ হাতে নিয়েছেন।কলকাতার বিভিন্ন অনলাইনে গিয়ে দেখা গেল, অনন্যা প্রায় ৩০টি বাংলা ও হিন্দি ছবিতে কাজ করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কেন? এতে কি তাঁর ব্যস্ততা কমে যাবে না?অনন্যা হাসলেন। ‘ব্যাপার হচ্ছে, ক্যারিয়ারের ব্যাগে ছবির সংখ্যা বাড়ানোর চেয়ে বছরে একটা ভালো ছবি করাটাই ভালো।’অনন্যা এখন কী নিয়ে ব্যস্ত?মাসের কুড়ি দিন চলে যায় সূবর্ণলতার পেছনে। আর বাকি ছয় দিন কাজ করেন তিনি সিনেমায়। চার দিন শুধুই নিজের জন্য।জানতে চাইলাম, সুবর্ণলতা এতটা জনপ্রিয় হয়ে উঠল কী করে?‘আমি নিজেও নিজেকে এই প্রশ্নটি করেছি। ভেবে দেখলাম, আশাপূর্ণা দেবী যেভাবে দুঃখ ও কষ্ট ঢেলে দিয়েছেন এর গল্পে ও প্রতিটি চরিত্রে, তাতে করে প্রত্যেকেই এই নাটকের গল্পের সঙ্গে নিজের যেন কোথায় একটা মিল খুঁজে পায়। আর এখনকার মেয়েরা আমরা যারা আছি, তারাও কিন্তু এই নাটকের চরিত্রগুলোর মধ্যে নিজেদের যেন খুঁজে পাই। এর চিত্রনাট্যটাও লেখা হয় খুব ভালো করে। সেই সঙ্গে বলব, প্রত্যেক শিল্পীই এই কাজটার প্রতি অঙ্গীকারবদ্ধ।’ বলছিলেন অনন্যা।ব্যক্তিজীবন সম্পর্কে জানতে চাইলাম।‘বিয়ে করিনি। বন্ধুবান্ধব আছে। ও যখন হওয়ার, তখন এমনিতেই হবে।’ হাসতে হাসতেই বললেন তিনি। ততক্ষণে শুটিং স্পটে পৌঁছেছেন তিনি। বললেন, ‘এখন রাখি। গাড়ি থেকে নেমেই মেকআপ নিতে বসতে হবে। মুঠোফোনটা বন্ধ করে দিতে হবে।’[সাক্ষাৎকারটি নেওয়া হয়েছে মুঠোফোনে]