সুবর্ণার বাবা আলী যাকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার বাবা আলী যাকের! সেটাই হতে যাচ্ছে, তবে বাস্তবে নয়। ছোট পর্দার জন্য নির্মিত একটি ধারাবাহিকে তাঁদেরকে দেখা যাবে বাবা ও মেয়ের চরিত্রে। তাও আলী যাকের আসল বাবা নন, পালক বাবা। নাটকে আলী যাকের একটি শহরতলির প্রধান। এ জন্য তিনি পুরো শহরতলিটা নিয়ন্ত্রণ করেন। নাটকে আরও দেখা যায়, এ শহরতলির প্রধানের একটা কালো অধ্যায় রয়েছে। একটা সময় সেটা মানুষের কাছে প্রকাশ পায়। নাটকে নিজের অভিনীত চরিত্র সম্পর্কে আলী যাকের বলেন, ‘এ নাটকে আমার জন্ম একটি পতিতালয়ে। যার কোনো পিতৃ পরিচয় নেই। মায়ের কষ্টটাই তাঁর কাছে বড় হয়ে দেখা দেয়। এ জন্য নারীদের প্রতি আমার সহজাত একটা সহানুভূতি কাজ করে। এক সময় প্রচুর ধন-সম্পদের মালিকও হই। সুবর্ণাকে আমি পতিতালয় থেকে নিয়ে আসি। তারপর আমাদের মধ্যে বাবা-মেয়ের সম্পর্ক তৈরি হয়।’ তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত যে পরিমাণ কাজ হয়েছে তাতে আমার খুব ভালো লেগেছে।’ সুবর্ণা মুস্তাফা বলেন, ‘নাটকে ১৩-১৪ বছর বয়সে আমাকে একটি পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়। তারপর সেখানে বিভিন্ন ধরনের জটিলতার মুখোমুখি হতে হয়। এরপর যাকের ভাই (নাটকে আমার বাবা) সেখান থেকে উনার বাসায় নিয়ে আসেন। তারপর তিনি আমাকে বাবার স্নেহে লালন-পালন করেন।’ সুবর্ণা আরও বলেন, ‘নাটকে আমি যে চরিত্রে অভিনয় করছি, সে ধরনের চরিত্র এখনো আমার করা হয়নি। নাটকের কস্টিউম থেকে শুরু করে সবকিছুতে একটা নতুনত্ব আছে। বদরুল আনাম সৌদের রচনা ও পরিচালনায় নাটকটির নাম উপসংহার।’