সুবর্ণারেখা
গাজীপুরের ফাল্গুন শুটিংস্পটে গিয়ে যখন পৌঁছি, তখন ভরদুপুর। চারদিকে ঠাঠা রোদ। শুটিংস্পট বলেই উত্সুক দর্শকের ভিড় সেখানে। ভিড় ঠেলে সামনে চোখ ফেলতেই পাওয়া যায় আমাদের সুবর্ণা মুস্তাফাকে। তিনি তখন ক্যামেরার সামনে অভিনয়ে ব্যস্ত। ২৯ এপ্রিল (আজ) তিনি চলে যাবেন অস্ট্রেলিয়ায়। দেশে থাকবেন না ১০ দিন। তাই যে কাজগুলো অসমাপ্ত, সেগুলো গুছিয়ে নিচ্ছেন। দম ফেলার সময় নেই তাঁর। দুই বেলা শুটিং করছেন তিনি। মধ্যাহ্নভোজের বিরতিতে সুবর্ণা চলে এলেন শুটিং ক্যাম্পে। আগামী ডিসেম্বরেই পঞ্চাশে পা রাখছেন তিনি। অথচ একটুও বদলাননি। চলন-বলন সেই আগের মতোই আছে। ভোজনপর্ব শেষ করে বললেন, হাতে একদম সময় নেই—১৫ মিনিটের মধ্যেই কথা শেষ করতে হবে।কেমন আছেন আপনি?‘এই যে, যেভাবে একজন মানুষের স্বাভাবিক জীবনযাপন করার কথা, সেভাবেই কাজ করছি, জীবন যাপন করছি। বেশ ভালো আছি আমি।’ নিজেকে দেখিয়ে বললেন সুবর্ণা। তারপর চুপচাপ। কী যেন ভাবলেন। আবার বললেন, ‘আমি অনেকটা ভাগ্যবতী। কারণ, যে কাজটা করতে পছন্দ করি, সেই কাজটা করেই জীবিকা নির্বাহ করছি এবং অনেকের তুলনায় যথেষ্ট ভালো আছি। যে কাজটা করি, সেটা সততার সঙ্গে করি বলেই মানুষকে স্বপ্ন দেখাতে পারি। আসলে আমরা কিন্তু সাধারণ মানুষের কাছে স্বপ্ন বিক্রি করি। দর্শক হচ্ছে আমাদের ক্রেতা। আর ক্রেতাদের কাছে ভালোভাবে পণ্য নিয়ে যেতে পারাটা হচ্ছে একটা বড় রকমের সাফল্য। দীর্ঘ সময় থেকেই আমি এ কাজটি করতে পারছি—এটাও অনেক বড় আনন্দের ব্যাপার।’১৫ বছর বয়স থেকেই সুবর্ণা অভিনয়জীবন শুরু করেছিলেন। সেই হিসাবে ৩৫ বছর ধরে তিনি স্বপ্ন ফেরি করছেন। নিজে কী স্বপ্ন দেখেন তিনি?সুবর্ণা হাসেন। কিছু বলেন না। আবার জানতে চাই, একটা লম্বা পথ পাড়ি দিলেন। সার্থকতা কী?সুবর্ণা বললেন, ‘মানুষের চেতনাকে সামান্য নাড়া দেওয়া, চিন্তাভাবনাগুলোর দ্বার খুলে দিতে পারাটাই বড় সার্থকতা। ভালো লাগে—যখন দেখি সারা দিনের কর্মব্যস্ততা শেষ করে একজন মানুষ ক্লান্তি নিয়ে বাড়ি ফিরছে, আর রাস্তায় হয়তো হঠাত্ই দেখল আমার চেহারাটা, তখন তার মুখে হাসি ফুটে উঠেছে। আমি মনে করি, এটা অনেক বড় সার্থকতা। এই যে ভালো লাগাটা, এটা শুধু শিল্পীরাই দিতে পারে আরেকজন মানুষকে। আমি মনে করি, এটা প্রত্যেক শিল্পীর একটা বিশাল অর্জন।’সুবর্ণা স্বপ্ন ফেরি করতে চান আরও অনেকটা সময়। নতুন নতুন স্বপ্নের খোঁজ করেন, তা নিয়ে ভাবেন। ‘আসলে আমি কিন্তু এখন যে সময়টায় আছি, সেখানে আমার জন্য অনেক ধরনের চরিত্রে কাজ করাটা খুবই উপভোগ্য। আমি ‘রুপা’ চরিত্রে অভিনয় করছি সীমান্ত নাটকে। আবার মেট্রোতে অন্য ধরনের কাজ করছি। এভাবেই সামনের দিনগুলোতে একেকভাবে নিজেকে নিয়ে আসব।’ বলছিলেন সুবর্ণা।বিখ্যাত বাবা গোলাম মুস্তাফার মেয়ে সুবর্ণা। বাবার ছায়াতল থেকে বেরিয়ে নিজের নামে প্রতিষ্ঠা পাওয়াটা বেশ কঠিন। কীভাবে করলেন কাজটি?সুবর্ণা সহজ করে বললেন, ‘যখনই কোনো বাবা তাঁর সন্তানের ক্যারিয়ার গড়তে উদ্যোগী হন, তখন সন্তানের প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ থাকে না। আমার বাবা কখনোই আমার কাজে নাক গলাননি। যেমন—আমি শুটিংয়ে যাব, আমার সঙ্গে কোনো অভিভাবকের প্রয়োজন হয়নি। বাবা বলেছেন, নিজেকে তৈরি করে নিতে। বলেছেন, নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। আমাকে বলেছেন, কাজ করতে গেলে ভুল হবে। ভুল থেকে শিখতে হবে। আমি সেভাবে চেষ্টা করেছি। পরিবার থেকে বলা হয়েছিল, আমি যেন লেখাপড়াটা ঠিকমতো করি। সেটি করেছি। ফলে নিজের প্রতিভাকে কাজে লাগানোর চেষ্টা ছিল। সেভাবেই আমি কাজ করে আজকে এত দূর এসেছি।’বরফ গলা নদী দিয়ে সুবর্ণা টিভি নাটকে যাত্রা করেছিলেন। সর্বশেষ করছেন সীমান্ত। দীর্ঘ ক্যারিয়ারের ছয় বছর সুবর্ণা কোনো কাজ করেননি। স্বেচ্ছা নির্বাসনের কারণটা আসলে কী ছিল? এর আগে এ নিয়ে অনেক প্রশ্ন করলেও সুবর্ণা কিছু বলেননি।‘আসলে কোথাও কেউ নেই নাটকে মুনা চরিত্রে কাজ করার পর আমি দেখলাম, আমার যে বয়স হয়েছে, সেই বয়স অনুযায়ী চরিত্র খুঁজে পাচ্ছি না। সে সময় আসলে মাথায় দুটো বেণি করে কলেজের শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করা সম্ভব ছিল না। আবার কারও ভাবি বা মা হওয়ার অবস্থাতেও ছিলাম না। তখন আমাকে একটা বিরতি দিতে হয়েছে। এ বিরতিটা কিন্তু আমার জন্য অনেক ভালো হয়েছে। এরপর শহিদুজ্জামান সেলিম স্পর্শের বাইরে নামের একটি ধারাবাহিক নাটকে কাজ করার কথা বললেন। মূলত এ কাজটি দিয়ে আবার আমি নিয়মিত অভিনয়ে ফিরেছি। অভিনয়ে নিয়মিত হওয়ার পুরো কৃতিত্ব শহিদুজ্জামান সেলিমের। এখন কিন্তু আমি যেকোনো চরিত্রেই কাজ করে মজা পাচ্ছি। এখন দাদির চরিত্রে কাজ করতে পারি, মায়ের চরিত্র করছি, একজন যুবকের সঙ্গে প্রেম হচ্ছে, সেটিও করছি। আমাদের দেশে একটা ধারণা ছিল, ৪০-৪৫ বছরের পর কিছু করার থাকে না। কিন্তু আমি তো বলব, এ সময়টার পর আরও ভালোভাবে কাজ করা যায়। কখনো কখনো পরিচালক শিল্পীর ওপর নির্ভরশীল হয়ে পড়েন। কারণ, শিল্পীর যে অভিজ্ঞতা, সেটি পরিচালক কাজে লাগাতে পারেন। আর প্রথমত আমি পেশাদার শিল্পী, দ্বিতীয়ত একই মানুষ আমি অনেক চরিত্র সম্পর্কে জানতে পারছি, নিজেকে নানাভাবে তুলে ধরতে পারছি। এখন আমার কাছে মনে হয়, যেকোনো কাজের মধ্যেই আসলে আনন্দ আছে; যদি সেটা ভালোভাবে করা যায়।’পরিচালক বদরুল আনাম সৌদ তাঁর সহকারী পাঠিয়েছেন সুবর্ণাকে নিতে। জানতে চাইলাম, ২২ বছর হুমায়ুন ফরীদি আর আপনি সংসার করেছেন। আজ তা অতীত। কোনো কিছু কি অনুভব করেন?‘না। কোনো কিছু অনুভব করি না। কারণ, অনুভব করলে তো সেই জায়গায়ই থাকতাম। আসলে কোনো কিছু মিস করার জায়গাটা আর নেই। তবে সব অভিজ্ঞতাই জীবনে কাজে লাগে। ফরীদির সঙ্গে দীর্ঘ একটা জীবন আমি যাপন করে এসেছি। একটা সময় পর্যন্ত আমাদের সবকিছুই ঠিক ছিল। পরে আর ঠিক ছিল না। আমি বিশ্বাস করি, সবাই ভালোভাবে থাকতে চায়। এর চেষ্টা থাকা উচিত। কোনো কিছু সহজে ভাঙা যায় না। কিন্তু যখন ভাঙার পরিস্থিতি হয়, তখন ভাঙতে হয়। তবে শেষ মুহূর্ত পর্যন্ত ভালো থাকার চেষ্টা করা উচিত।’আপনি কি শেষ মুহূর্ত পর্যন্ত সেই চেষ্টা করেছিলেন?চেষ্টা করেছি কি করিনি, সেটি বছরের সংখ্যাটি বলে দেবে। ২২টি বছর তাহলে কীভাবে থাকলাম? এই মুহূর্তে আমি অবশ্যই ভালো আছি। ভালো থাকার জন্যই আমি দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। মানসিকভাবে সুস্থ থাকার জন্যই এ সিদ্ধান্ত নিয়েছি। আমি এখন আমার কাজটা ভালোভাবে করতে চাই।হুমায়ুন ফরীদিকে ছেড়ে আসার পর তাঁর সঙ্গে কি দেখা হয়েছিল বা কথা হয়েছিল?আমি ফরীদিকে কথা দিয়েছিলাম, তাঁর পরিচালনায় নির্মিত একটি নাটকে কাজ করব। ফেব্রুয়ারিতে চলে আসার পর মার্চ মাসেই সেই নাটকের শুটিং ছিল। আমি সেই কাজটি গিয়ে করেছি। আমি কথা রেখেছি।যখন মনে করেন আপনি ভুল করেছেন, তখন কী করেন?সাধারণত ভুল কম করার চেষ্টা করি। কিন্তু যখন মনে করি কোনো ভুল করেছি, ভুল করে কাউকে বকা দিয়েছি, সঙ্গে সঙ্গে আমি দুঃখ প্রকাশ করি। আসলে মানুষের জীবনে ভালো সময় খুব কম আসে। তাই কাজ করার ক্ষেত্রে ভুল হতে পারে। এটা মেনে নিয়েই চলার চেষ্টা করি।সুবর্ণার কাছে শেষ প্রশ্ন ছিল, শেষ কবে কেঁদেছেন।সুবর্ণা আবার সেই হাসি হাসলেন। হাসতে হাসতেই সুবর্ণার অজ্ঞাতেই চোখের কোণ ভিজে উঠছিল। বললেন, আমি সহজে কাঁদি না। এ জন্য অনেকেই বলে, আমি নাকি পাথুরে মানুষ। শেষ কেঁদেছি যেদিন মাকে কবরে শুইয়ে দেওয়া হলো। না... না... ভুল বললাম, শাহরুখ শহীদের মৃত্যুতে। আর তা ছাড়া আমি হাসিখুশি থাকতে পছন্দ করি। কথাগুলো বলার সময় সুবর্ণার দুচোখের পানি স্পষ্ট হয়ে উঠছিল। আর সময় নেওয়া গেল না। সুবর্ণা মুস্তাফা চলে গেলেন সীমান্ত নাটকের রুপা হতে। গাঁয়ের বৌ-ঝিরা হাসিখুশি মুখ নিয়ে সুবর্ণাকে দেখতে বাইরে ভিড় জমিয়েছেন। সেদিকে খেয়াল নেই তাঁর। ক্যামেরা রেডি। একটু পরই শোনা গেল পরিচালকের চিত্কার, রোল, ক্যামেরা, অ্যাকশন।