সুবিধাবঞ্চিত শিশুদের পাশে শিবলী মহম্মদ
দেশে ও দেশের বাইরে সবাই শিবলী মহম্মদকে নৃত্যশিল্পী হিসেবেই চিনে থাকেন। তবে নাচের ফাঁকে জনপ্রিয় এই তারকা নৃত্যশিল্পী যেটুকু সময় পান, সে সময়টাতে নানা সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার চেষ্টা করেন। এর অংশ হিসেবে আজ শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের স্কুল স্বপ্নপুরীর সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে একান্ত কিছু সময় কাটান। এ সময় তিনি সেখানকার শিক্ষার্থীদের মধ্যে স্কুলের পোশাক বিতরণে করেন। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং শিশুদের পরিবেশিত গান ও আবৃত্তি উপভোগ করেন।প্রথম আলো ডটকমকে শিবলী মহম্মদ বলেন, ‘আমি এর আগেও ওই স্কুলে গিয়েছিলাম। আগের চেয়ে স্কুলটি পড়াশোনা থেকে শুরু করে সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডে অনেক ভালো কাজ করছে। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এ ধরনের একটি উদ্যোগের সঙ্গে থাকতে পেরে খুব ভালো লাগে।’শিবলী আরও বলেন, ‘আসলে আমাদের সবার উচিত নিজ নিজ অবস্থান থেকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য কিছু করা।’