
উপস্থাপনার বাচন শুনে বোঝার উপায় নেই যে শিশুটি সুবিধাবঞ্চিত শ্রেণির। বোঝার কথাও নয়। কেননা সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সুরের ধারায় সংগীতের পাশাপাশি সাধারণ শিক্ষাও গ্রহণ করেছে সে। আজ উপস্থাপনা করছে সেই শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ বর্ষপূর্তির অনুষ্ঠান। গতকাল শনিবার সন্ধ্যায় শিশু একাডেমী মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে সুরের ধারা। অনুষ্ঠান শুরু হয় পঞ্চকবির পাঁচটি গান দিয়ে। সে গানগুলোও করে এই শিশুরা।
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘উন্নয়নের জন্য সংগীত’ নামে একটি প্রকল্প শুরু করেছিল সুরের ধারা। সেই শিশুদের পরিবেশনায় গতকাল প্রতিষ্ঠানটির বর্ষপূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি শিশু একাডেমীর চেয়ারম্যান সেলিনা হোসেন। অতিথি সুলতানা কামাল। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
আনিসুজ্জামান বলেন, ‘দেশ নানা উন্নয়নের দিকে এগিয়ে গেলেও আমরা দুর্বলের ওপর সবলের অত্যাচারের দৃষ্টান্তে পরিণত হয়েছি। বড়রা ছোটদের ওপর, সংখ্যাগুরুরা সংখ্যালঘুর ওপর, পুরুষেরা নারীর ওপর প্রতিনিয়ত অত্যাচার করেই চলেছে। অবশ্য সম্প্রতি এসব বিষয়ে মানুষ ক্রমশ সচেতন হয়ে উঠছেন।’
শিল্পীর সামাজিক দায়িত্ব পালনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করায় তিনি রেজওয়ানা চৌধুরী বন্যার প্রশংসা করেন।
এই প্রকল্পের নানা দিক নিয়ে কথা বলেন সুরের ধারার প্রধান রেজওয়ানা চৌধুরী বন্যা।
আলোচনা পর্বের পর সমবেত কণ্ঠে ‘শরৎ তোমার অরুণ আলোয়’ ও ‘জয় তব বিচিত্র আনন্দ’ গানদুটি শোনায় এই শিশুরা। এ ছাড়া একক ও দ্বৈত কণ্ঠে গান, দলীয় আবৃত্তি ও ভেজালবিরোধী আন্দোলন নিয়ে একটি নাটক পরিবেশন করে তারা।