সুবিধাবঞ্চিতদের পাশে শিরোনামহীন ও তাসকিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘টয়স আর ইউরস’-এর এবারের আয়োজনে শিশুরা খেলনা নেবে গানের দল শিরোনামহীন ও ক্রিকেটার তাসকিন আহমেদের হাত থেকে
‘টয়স আর ইউরস’-এর এবারের আয়োজনে শিশুরা খেলনা নেবে গানের দল শিরোনামহীন ও ক্রিকেটার তাসকিন আহমেদের হাত থেকে

সচ্ছল পরিবারের শিশুদের খেলনা এবার সুবিধাবঞ্চিত শিশুদের হাতে তুলে দেবে অন্যতম জনপ্রিয় গানের দল ‘শিরোনামহীন’ ও ক্রিকেটার তাসকিন। এ উপলক্ষে ১৩ সেপ্টেম্বর রাজধানীর গুলশান ১-এর ডিসিসি মার্কেটে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খেলনা বিতরণের জন্য এক অনুষ্ঠান আয়োজন করেছে ‘টয়স-আর-ইউরস’ নামের একটি সংগঠন। ওই দিন দুপুর ১২টা থেকে রাত আটটার মধ্যে শিশুদের ব্যবহৃত, অব্যবহৃত কিংবা নতুন খেলনা নিয়ে সবাইকে এখানে আসার জন্য আহ্বান জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।
‘টয়স-আর-ইউরস’ নামের সংগঠনটি সুবিধাভোগী শিশুদের পরিবারের কাছ থেকে পুরোনো খেলনা সংগ্রহ করে। এ ক্ষেত্রে বাসায় শিশুদের পড়ে থাকা অতিরিক্ত কিংবা অব্যবহৃত খেলনা দেওয়ার ব্যাপারে পরিবারগুলোকে উৎসাহিত করা হয়। খেলনা সংগ্রহের নির্দিষ্ট একটা সময় পরে সংগঠনটি এই সংগৃহীত খেলনা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে তুলে দেয়। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলা শহর থেকেও এসব খেলনা সংগ্রহ করা হচ্ছে।
শিরোনামহীনের অন্যতম সদস্য জিয়া বলেন, ‘টয়স-আর-ইউরসের সংগ্রহ করা খেলনাগুলো সুবিধাবঞ্চিত শিশুদের হাতে তুলে দেওয়ার জন্য আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে। উদ্যোগটি আমাদের কাছে ব্যতিক্রমী বলেই মনে হয়েছে। তাই আমরাও এগিয়ে এসেছি।’ জিয়া বলেন, ‘এই আয়োজনে আমাদের সঙ্গে আরও থাকবেন ক্রিকেটার তাসকিন। ১৩ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে আয়োজিত এই অনুষ্ঠানে আমরা থাকব। ওই দিন কোনো গান করব না। সুবিধাবঞ্চিত শিশু, যারা আমাদের কাছে আসতে পারে না, তাদের সঙ্গে সময় কাটাব, সেলফি তুলব, আড্ডা দেব, অটোগ্রাফ দেব। অটোগ্রাফ পাবেন আমাদের ব্যান্ডের ভক্তরাও।’

এদিকে, ‘টয়স-আর-ইউরস’ সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর জন্যই তারা নিয়মিত এই আয়োজন করছে। এর আগে গত ৬ আগস্ট সংগঠনটি ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন সুবিধাবঞ্চিত ৬০০ শিশুর হাতে খেলনা তুলে দেয়। সেদিন এই শিশুদের হাতে খেলনা তুলে দিয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের (টেস্ট) অধিনায়ক মুশফিকুর রহিম।