সুবীর চৌধুরী বৃত্তি পেলেন দুই শিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল গ্যালারিতে গতকাল সুবীর চৌধুরী শিল্পচর্চা বৃত্তির শিল্পীর নাম ঘোষণা ও ​বৃত্তি প্রদান করা হয় l ছবি: প্রথম আলো
বেঙ্গল গ্যালারিতে গতকাল সুবীর চৌধুরী শিল্পচর্চা বৃত্তির শিল্পীর নাম ঘোষণা ও ​বৃত্তি প্রদান করা হয় l ছবি: প্রথম আলো

‘কাজের মধ্যে দেশ, মানুষ ও সমাজ পরিবর্তনের কথা ভাবতে হবে শিল্পীদের। একা ভালো থাকলে হবে না, দেশকে নিয়ে ভালো থাকতে হবে। নিজেকে প্রকাশ করার এক অনন্য ক্ষমতা শিল্পীদের রয়েছে। সেটাকে কাজে লাগিয়ে মনুষ্যত্বের কথা বলতে হবে।’
ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে আয়োজিত সুবীর চৌধুরী শিল্পচর্চা বৃত্তি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন দ্য ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম। অনুষ্ঠানে মাহ্ফুজ আনাম তাঁর ছাত্রজীবনের স্মৃতিচারণ করে বলেন, ‘সুবীর চৌধুরী মানুষ হিসেবে খুব উন্নত ছিলেন। ওকে আপন করে পেতে সহজ হতো, অন্যকে খুব সহজে আপন করে নিতো সুবীর।’ তিনি বেঙ্গলের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সাধারণত প্রতিষ্ঠানের একজন সহকর্মীকে এভাবে স্মরণ করার উদাহরণ খুব কম। এটা সত্যিই অনন্য ও অনুকরণীয় একটি বিষয়।’
গতকাল শুক্রবার সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে সুবীর চৌধুরী শিল্পচর্চা বৃত্তি ২০১৫-১৬-এর জন্য মনোনীত শিল্পীর নাম ঘোষণা করা ও বৃত্তি দেওয়া হয়। এ বছর শিল্পী ঈশিতা মিত্র ও আবীর সোম পেয়েছেন এ বৃত্তি। এ ছাড়া গতকালের অনুষ্ঠানে বৃত্তির জন্য জমা পড়া কাজ থেকে বেঙ্গলের নিয়মিত আর্ট গ্রান্টের জন্য মুনেম ওয়াসিফের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে দ্য ডেইলি স্টার-এর প্রকাশক ও সম্পাদক মাহ্ফুজ আনাম দুই শিল্পীর প্রত্যেকের হাতে বৃত্তি বাবদ দুই লাখ টাকা মূল্যমানের চেক তুলে দেন। এ ছাড়া চূড়ান্তভাবে নির্বাচিত ১০ জন তরুণ শিল্পীকে ‘স্বীকৃতি সনদ’ দেওয়া হয়। এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের।

বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী শুরুতে বৃত্তির প্রেক্ষাপট ব্যাখ্যা করেন। তাঁর সঞ্চালনায় অনুষ্ঠানে শিল্পচর্চা বৃত্তির জন্য চূড়ান্ত মনোনয়ন প্রদানের লক্ষ্যে গঠিত উপদেষ্টা পরিষদের শিল্পী দিলারা বেগম জলি বক্তব্য দেন। উপদেষ্টা পরিষদের অন্য দুই সদস্য ছিলেন শিল্পী সৈয়দ জাহাঙ্গীর ও শিল্পী মাহবুব জামাল শামীম।

বৃত্তিপ্রাপ্ত শিল্পী ঈশিতা মিত্র ও শিল্পী আবীর সোম তাঁদের প্রতিক্রিয়া জানান।

শেষে অনুষ্ঠানে ‘সুবীর চৌধুরী শিল্পচর্চা বৃত্তি’র ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।