সুবীর চৌধুরী শিল্পচর্চা বৃত্তির মনোনয়ন পেয়েছেন যারা

বেঙ্গল ফাউন্ডেশনের অন্যতম ট্রাস্টি, বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী না ফেরার দেশে চলে গেছেন ২০১৪ সালের ৩০ জুন। তাঁর সম্মানে বেঙ্গল ফাউন্ডেশন তরুণ ও উদীয়মান শিল্পীদের চর্চা এবং সাধনায় মাত্রা সঞ্চারের লক্ষ্যে এ বছর থেকে বার্ষিক ‘সুবীর চৌধুরী শিল্পচর্চা বৃত্তি’ প্রবর্তন করেছে।
গত ২৫ আগস্ট এই বৃত্তির জন্য আবেদনপত্র গ্রহণের সময়সীমা শেষ হয়। বেঙ্গল ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ‘সুবীর চৌধুরী শিল্পচর্চা বৃত্তি’র প্রথম বছরেই উল্লেখযোগ্য সাড়া পাওয়া গিয়েছে। প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর জমাকৃত আবেদনপত্রগুলো থেকে সাক্ষাত্কার গ্রহণের জন্য শিল্পীদের একটি চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে।
সাক্ষাত্কার গ্রহণ প্রক্রিয়া শেষে আগামী ১৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬ টায় বেঙ্গল শিল্পালয়ে সুবীর চৌধুরী শিল্পচর্চা বৃত্তি ২০১৫/১৬ -এর জন্য মনোনীত শিল্পীদের নাম ঘোষণা ও বৃত্তি প্রদান করা হবে। ‘দ্য ডেইলি স্টার’-এর প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী বলেন, সুবীর চৌধুরী শিল্পচর্চা বৃত্তি শিল্পের সেবক হিসেবে সুবীর চৌধুরীর অনুসরণীয় জীবন ও কর্মকে সম্মানিত করবে এবং প্রতিশ্রুতিশীল ও উদীয়মান শিল্পীদের একটি স্বতন্ত্র ও মৌলিক শিল্পচর্চার ধারা প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা রাখবে।
বেঙ্গল ফাউন্ডেশনের উর্ধ্বতন ব্যবস্থাপক সারোয়ার জাহান চৌধুরী জানান, চূড়ান্ত তালিকায় থাকা শিল্পীরা হলেন ঈশিতা মিত্র, আফসানা শারমিন, বিশ্বজিৎ গোস্বামী, মুহাম্মদ রফিকুল ইসলাম, মো: পারভেজ হাসান, আবীর সোম, মুনেম ওয়াসিফ, পলাশ ভট্টাচার্য, সনদ কুমার বিশ্বাস এবং শিমুল সাহা। শিল্পীরা ভাস্কর্য, ড্রয়িং, ছাপচিত্র, আলোকচিত্র, ডিজিটাল কোলাজ, চিত্রকলা, ভিডিও আর্টসহ বিচিত্র মাধ্যমে কাজ করেছেন। তিনি আরও জানান, বাংলাদেশে বসবাসকারী ৩৫ বছরের কম বয়সী প্রতিশ্রুতিশীল, সক্রিয় ও উদীয়মান শিল্পীরা এই বৃত্তির জন্য আবেদন করেছেন। এর মধ্যে একজনকে চূড়ান্তভাবে বিবেচনা করা হবে বৃত্তির জন্য। বৃত্তির মূল্যমান দুই থেকে চার লাখ টাকা এবং তা ২০১৫/১৬ সময়কালের জন্য দেয়া হবে। বৃত্তি লাভ করে শিল্পী যে শিল্পকর্ম তৈরি করবেন তা আগামী বছর ফেব্রুয়ারি মাসে প্রদর্শন করা হবে।