
বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের সাবেক পরিচালক ও বেঙ্গল ফাউন্ডেশনের অন্যতম ট্রাস্টি সুবীর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছিল বেঙ্গল ফাউন্ডেশন। জ্ঞানতাপস আবদুর রাজ্জাক বিদ্যাপীঠের আঙিনায় অনুষ্ঠান সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
অনুষ্ঠানে শিল্পী নাসিম আহমেদ নাদভী বলেন, ‘সুবীর সম্পর্কে আমার জন্য কিছু বলতে যাওয়া অসুবিধার। কারণ ও ছিল আমার সহপাঠী, আবার বন্ধু। স্বাধীনতার পরে শিল্পকলায় যে কতগুলো কাজ হয়েছে তাতে সুবীরের অবদান অনেক। কিন্তু সুবীরকে নিয়ে তেমন কোনো আলোচনা হয় না। এটা শুধু বেঙ্গলের কাজ না। সুবীরকে নিয়ে শিল্পমহলে আলোচনা হওয়া উচিত।’
শিল্পী সৈয়দ জাহাঙ্গীর বলেন, ‘সুবীরের অনুপস্থিতিতে তাঁকে স্মরণ করা দুরূহ। যেকোনো অনুষ্ঠানে সুবীর আমার সঙ্গে থাকতেন। তিনি ছিলেন অত্যন্ত কর্মঠ। কাজ শেষ না করে কখনোই বাড়ি যেতেন না। যদিও তিনি ছবি আঁকতেন না, কিন্তু শিল্পীদের তুলে ধরার জন্য তাঁর আগ্রহ ছিল অতুলনীয়।’
আরও বক্তব্য দেন শিল্পী মাহবুবুর রহমান। অনুষ্ঠানে ছিল সুবীর চৌধুরীর বিভিন্ন আলোকচিত্রের প্রদর্শনী।
সুবীর চৌধুরী ২০১৪ সালের ৩০ জুন মারা যান।