সুবীর নন্দীর ‘আবার তুমি এলে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কণ্ঠ আর গায়কির বৈশিষ্ট্যের কারণে আধুনিক বাংলা গানের শ্রোতার কাছে সুবীর নন্দীর বিশেষ গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে অনেক আগেই। চলচ্চিত্র এবং অডিও মাধ্যমে সুবীর নন্দীর বেশ কিছু গান জনপ্রিয় হয়েছে ইতিমধ্যেই। গুণী এই শিল্পীর নতুন গানের একটি অ্যালবাম প্রকাশিত হয়েছে গতকাল মঙ্গলবার। গতকাল মঙ্গলবার শীতের সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে ‘আবার তুমি এলে’ শিরোনামের এই অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে শিল্পী গেয়ে শোনান সমবেত অতিথিদের। অ্যালবামের মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক নাট্যজন ম. হামিদ। ১৩টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবাম। গানগুলো হচ্ছে: ‘এ জীবনে নাই বা পেলাম তোমায়’, ‘ভালোবাসা দিয়ে তারে’, ‘আমার এ গানের’, ‘কারও কারও কাছে জীবন’, ‘কালিদাসের মেঘ নাকি তোমার মাথার চুল’, ‘আমি অমিত রায়, তুমি লাবণ্য’, ‘যে বাঁশি বাজে না আর সেই চেনা সুর’, ‘জানি না কেন যে তার’, ‘খুকু আমার, মেয়ে আমার তুই জীবনের গান’, ‘যাবেই তুমি চলে তবু যাবে কি তুমি চলে’, ‘জীবনে আমার তুমি এলে’, ‘ওই ফুলদানিটা সাজানো গোছানো দেখে’। আধুনিক গানের এ অ্যালবামটিতে কথা ও সুর করেছেন জীবন বিশ্বাস। সংগীত পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান সংগীত পরিচালক দূর্বাদল চট্টোপাধ্যায়।জোটের একুশের অনুষ্ঠানমালা তিন মিনিট নীরবতা কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে একুশের অনুষ্ঠানমালার গতকাল মঙ্গলবার ছিল পঞ্চম দিন। বিকেল চারটায় শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে তিন মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় কার্যক্রম। গণজাগরণ মঞ্চে সৃষ্টি হওয়া একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবির উত্তাপ ছিল একুশের অনুষ্ঠানমালার নানা পরিবেশনায়। গানের সুর, কবিতার ছন্দ, নৃত্যের ঝংকার, প্রতিবাদী পথনাটক আর কথায় উঠে এসেছে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের পথ পেরিয়ে আসা সময়ের দাবি—যুদ্ধাপরাধীর বিচার।অনুষ্ঠানে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবি করে বক্তব্য দেন জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ ও আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আহ্্কাম উল্লাহ। এ সময় যুদ্ধাপরাধীদের বিচার সামনে রেখে প্রকাশিত লিফলেট পড়ে শোনান জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।লিফলেটে প্রকাশিত দাবিগুলো তুলে ধরে হাসান আরিফ বলেন, ট্রাইব্যুনালের প্রয়োজনীয় শক্তি ও সংখ্যা বৃদ্ধি করে দ্রুততম সময়ের মধ্যে যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন করতে হবে। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র সংঘের বিচার করতে হবে। জামায়াত-শিবিরসহ সাম্প্রদায়িক শক্তির রাজনীতি নিষিদ্ধ করতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবুল পলাশ।বক্তব্য পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দলীয় সংগীত পরিবেশন করে পঞ্চভাস্কর, বহ্নিশিখা ও শিল্পকলা একাডেমীর গানের দল। একক কণ্ঠে গান শোনান এ টি এম জাহাঙ্গীর, তপন মজুমদার, ফারজানা আক্তার ও ঝর্না মণ্ডল। দলীয় আবৃত্তি করে প্রকাশ সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন, স্বরব্যঞ্জন ও বিশ্ব কলা কেন্দ্র। শেষে পথনাটক প্রদর্শনীতে অংশ নেয় মঞ্চকথা ও নাট্য পুরাণ। ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে চলবে একুশের অনুষ্ঠানমালা। ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠান হবে ধানমন্ডির রবীন্দ্রসরোবরের উন্মুক্ত মঞ্চে।শিল্পকলায় একুশের গানের প্রশিক্ষণ কর্মশালাবাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে প্রশিক্ষণ বিভাগের তত্ত্বাবধানে একাডেমীর প্রশিক্ষণ ভবনের মহড়াকক্ষে আজ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন আয়োজন করা হয়েছে পাঁচ দিনব্যাপী একুশের গান শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার। প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এ কর্মশালা। প্রশিক্ষণ গ্রহণের জন্য বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান থেকে আগ্রহী সংগীত প্রশিক্ষক কিংবা জ্যেষ্ঠ শিল্পীর নাম মনোনয়ন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে পাঠাতে হবে। সাংস্কৃতিক প্রতিষ্ঠান থেকে মনোনীত প্রশিক্ষণার্থীকে আজ সকাল নয়টা থেকে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার ফটোকপিসহ একাডেমীর প্রশিক্ষণ ভবনের মহড়াকক্ষে উপস্থিত হয়ে একাডেমির নির্ধারিত ফরম পূরণ করে নাম নিবন্ধন করতে হবে।কর্মশালায় মূল প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন শাহিন সামাদ এবং একাডেমির প্রশিক্ষণ বিভাগের কোর্স কো-অর্ডিনেটর শহীদুজ্জামান স্বপন। আজ সন্ধ্যা ছয়টায় একাডেমীর প্রশিক্ষণ ভবনের মহড়াকক্ষে এ কর্মশালার উদ্বোধন করবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। লা গ্যালারিতে ব্যতিক্রম প্রদর্শনীআঁলিয়স ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে তরুণ প্রজন্মের দুই ডিজাইনার নাবিল হাসান খান ও রিফাত আমিনের ‘ডিজিটাল ফ্যাশন লাউঞ্জ’ শিরোনামে একটি ব্যতিক্রমী প্রদর্শনী শুরু হয়েছে গতকাল মঙ্গলবার। প্রদর্শনীটি ভিন্নভাবে সাজানো হয়েছে। প্রদর্শনীটি চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।