সুভাষ চন্দ্র বসুকে নিয়ে গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে পেঙ্গুইন বুকস ইন্ডিয়া ও দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) যৌথ আয়োজনে সুগত বোস রচিত হিজ ম্যাজেস্টিজ অপোনেন্ট: সুভাষ চন্দ্র বোস অ্যান্ড ইন্ডিয়াজ স্ট্রাগল এগেনইস্ট এমপায়ার বইটির প্রকাশনা উৎসব সম্পন্ন হলো।অধিবেশনের প্রধান অতিথি ছিলেন ইতিহাসবিদ ও জাতীয় অধ্যাপক এ এফ সালাহউদ্দিন আহমেদ, সভাপতিত্ব করেন এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম। আলোচনায় অংশ নেন অধ্যাপক সোনিয়া আমিন, নিউইয়র্ক ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক ডেভিড লাডেন, ইফতেখার ইকবাল, ঔপন্যাসিক তাহমিমা আনাম ও গ্রন্থের লেখক সুগত বোস।বইটিতে লেখক সুভাষ বসুর রাজনৈতিক অবস্থান, ঐতিহাসিকতা, তাঁর চরিত্র ও ব্যক্তিত্বকে অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরেছেন। একই সঙ্গে, ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের চিত্র বিস্তারিতভাবে তুলে ধরেছেন। বইটি সুভাষ বসুকে ভারতের ও বিশ্বের ইতিহাসের প্রেক্ষাপটে উপস্থাপিত করেছে। যাঁরা ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের শেষ অধ্যায় সম্পর্কে জানতে আগ্রহী, এ বই তাঁদের জন্য হবে অত্যন্ত কৌতূহলোদ্দীপক। বিজ্ঞপ্তি।